রাজশাহীতে ধর্মীয় উসকানির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয় উসকানির মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী সিটির বোয়ালিয়া মডেল থানা-পুলিশ
প্রতীকী ছবি

রাজশাহী মহানগরে ধর্মীয় উসকানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা-পুলিশ। সেই সঙ্গে আসামিদের দখল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র ও ঘটনার ভিডিও ফুটেজ জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন নগরের হেতেমখাঁ কলাবাগান এলাকার মো. মনিরুল ইসলাম ওরফে সুমন (৪০) ও মো. রেজা ওরফে ভুলু (৩৫)। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এজাহারে উল্লেখ রয়েছে, এই দুই আসামি মসজিদের মাইক থেকে উসকানিমূলক ঘোষণা দিয়ে মানুষকে উত্তেজিত করেছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইফতেখার মোহাম্মদ আল আমিন এবং রাজশাহী মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ভিডিও ফুটেজ ও সেই দিনের লাইভ ভিডিও পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামি চিহ্নিত করে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজপাড়া থানার ডাবতলা এলাকা থেকে আসামি মনিরুল ইসলাম এবং বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকা থেকে আসামি মো. রেজাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আসামিদের দখল থেকে রামদা ও হাঁসুয়া উদ্ধার করে। সেই সঙ্গে ঘটনার ভিডিও ফুটেজ জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজপাড়া থানার ডাবতলা এলাকা থেকে আসামি মনিরুল ইসলাম এবং বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকা থেকে আসামি মো. রেজাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জুন রাত সোয়া নয়টায় নগরের হেতেমখাঁ লিচুবাগান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মসজিদ ভাঙচুরের মিথ্যা খবর প্রচার করেন। এ ছাড়া ধর্মপ্রাণ মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাধানোর চেষ্টায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এমন মিথ্যা সংবাদ মাইকে ঘোষণা করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটানোর চেষ্টা করেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিপুলসংখ্যক পুলিশ স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় দাঙ্গা পরিস্থিতি মোকাবিলা করে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন ধারায় মামলা করে।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, দুই আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় মোট ১৪ জন আসামি রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।