রাজশাহীতে নাশকতা মামলায় তিন শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজশাহীতে নাশকতা মামলায় ইসলামী ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ। গতকাল বুধবার রাত ১১টা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী নগরের রাজপাড়া থানার বিলসিমলা বন্ধগেট এলাকার আবদুর রউফের ছেলে চাঁন সওদাগর (৩০), কাটাখালী থানার কাপাসিয়া মৃধাপাড়ার আকরাম আলীর ছেলে শাকিল আহম্মেদ (৩০) ও মতিহার থানার মির্জাপুর গ্রামের সাদেক আলীর ছেলে সবুজ আলী (২৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাত ১১টা থেকে আজ ভোর পর্যন্ত রাজশাহী নগরের বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নগরের বোয়ালিয়া মডেল থানায় নাশকতার মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, তাঁরা শিবিরের সক্রিয় সদস্য। এসব আসামি ও তাঁদের সহযোগীরা সরকারবিরোধী অপপ্রচার ও নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করে আসছেন। তাঁদের সংগঠন শহরের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেছিলেন। তাঁদের আজ বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।