রাজশাহীতে আদিবাসী ছাত্রনেতা খুন

রাজশাহীর তানোর উপজেলার খোনাপুকুর গ্রামে নিজ বাসায় সান্তাল স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য বাবলু হেম্ব৶মকে (২৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।
বাবলুর বাবার নাম মহেশ হেম্ব্রম। তিনি এ বছর রাজশাহী কলেজ থেকে সমাজবিজ্ঞান বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বাবলুদের বাড়িতে ঢোকার জন্য তিনটি দরজা রয়েছে। একটি দরজা বাইরে থেকেই খোলা যায়। দুর্বৃত্তরা সেই দরজা দিয়েই ভেতরে ঢুকেছিল। ওই এলাকার সাঁওতালরা সাধারণত শোবার ঘরের দরজা বন্ধ না করেই ঘুমান। রাত দেড়টার দিকে বাবলুর বাবা-মা হঠাৎ ঘুম থেকে জেগে ওঠেন। তখন ঘরের বাইরের দরজা খোলা দেখতে পেয়ে তাঁরা বাবলুর ঘরের দিকে যান। ভেতরের দরজা খোলা দেখে তাঁরা ঘরে ঢোকেন। সেখানে বাবলুর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন।
ওসি জানান, বাবলুর লাশ এখনো তাঁদের বাসায় রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি।