রাজশাহীতে পদ্মা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

রাজশাহী নগরের বড়কুঠি এলাকার বিপরীতে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নৌ পুলিশের রাজশাহী মহানগর ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০। তাঁর পরনে ছিল গাঢ় নীল রঙের পাঞ্জাবি, সাদা স্যান্ডো গেঞ্জি ও কালো রঙের প্যান্ট, মুখে দাঁড়ি আছে। লাশ দূর থেকে নদীতে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি ওবায়দুল হক প্রথম আলোকে বলেন, লাশের শরীরে জখম আছে। পাঁচ থেকে ছয় দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। এখন নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এ নিয়ে নগরের মতিহার থানায় একটি মামলা হবে বলেও জানান তিনি।