রাজশাহীতে পাঁচ ট্রেনের যাত্রা বাতিল, দুর্ভোগ
রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকালে বিভিন্ন গন্তব্যে ছাড়ার উদ্দেশে প্রস্তুত পাঁচটি ট্রেনের যাত্রা বাতিল করে যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়। দুপুর সোয়া ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার ঘোষণা দেওয়া হয়। ততক্ষণে এই পাঁচটি ট্রেনের যাত্রীরা দুর্ভোগ পোহান।
আজ বুধবার সকালে রাজশাহী স্টেশনে এক উল্টো চিত্র দেখা গেল। প্রতিদিন সকালে যাত্রীরা আসেন টিকিট কিনতে অথচ আজ সকালে যাত্রীরা ব্যস্ত হয়ে পড়েছিলেন টিকিট ফেরত দিয়ে যাত্রা বাতিল করার জন্য। মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রানিং স্টাফরা সকাল থেকে আন্দোলন শুরু করেন।
সারা দেশের মতো রাজশাহী থেকেও কোনো ট্রেন ছেড়ে যায়নি। তখনো কেউ নিশ্চয়তা দিতে পারেননি কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তাই অগত্যা যাত্রা বাতিল করতে হয়।
সকালে স্টেশনে গিয়ে দেখা যায়, রাজশাহীর তানোর থেকে হাঁসুয়া মাথাল নিয়ে চার শ্রমিক স্টেশনে এসে বোকার মতো বসে রয়েছেন। তাঁদের একজন মো. আলতাফ হোসেন। তিনি বললেন, খুলনায় ধান কাটার কাজে যাওয়ার জন্য এসে এখন শুনছেন ট্রেন যাবে না। ধর্মঘট। তাই টিকিট ফেরত দিয়ে বসে রয়েছেন। কী করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না।
একই কাজে বাগেরহাটে যাওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে এসেছিলেন হাবিবুর রহমান। তিনিও টিকিট ফেরত দিয়ে বসে রয়েছেন।
রাজবাড়ী যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন শ্রীমতী শ্যামলী রানী। তিনি বলেন, সকাল সাতটার দিকে শুনতে পেয়েছেন ট্রেন যাবে না। তাই টিকিট নিয়ে স্টেশনে ছুটে এসেছেন। আবদুর রশিদ দেওয়ান যাবেন যশোরে। স্টেশনে এসে জানতে পেরেছেন যে ট্রেন যাবে না। অন্যভাবে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছেন না বলে জানান এই যাত্রী।
হাত ভাঙার কারণে ডাক্তার দেখাতে গতকাল মঙ্গলবার রাতে কুষ্টিয়া থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজশাহীতে এসেছিলেন ফকরুদ্দিন। রাতে ডাক্তার দেখিয়ে সকালে বাড়ি যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন। তিনি বললেন, স্টেশন মাস্টার বলে গেলেন ট্রেন আর যাবে না। তাই বসে রয়েছেন।
আন্দোলনকারীরা জানান, এত দিন নিয়ম অনুযায়ী ট্রেনের চালক, গার্ড ও টিটিইরা আট ঘণ্টা দায়িত্ব পালন করার পর অতিরিক্ত সময়ের জন্য একটি নির্দিষ্ট হারে ‘চলমান ভাতা’ পেতেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ভাতা প্রত্যাহার করা হয়। এরই প্রতিবাদে আগেই তাঁরা ঘোষণা দিয়েছিলেন, আগের নিয়ম অনুযায়ী তাঁদের ভাতা না দেওয়া হলে তাঁরা চাকরিবিধি অনুযায়ী আট ঘণ্টা দায়িত্ব পালন করার পর ১২ ঘণ্টার বিশ্রামে যাবেন।
গত ২৬ জানুয়ারি সকাল থেকে তাঁরা ঘোষণা অনুযায়ী আট ঘণ্টার পর ট্রেন চালানো বন্ধ করে দেন। চালকেরা বলেন, ১৫০ বছর ধরে যে নিয়ম চালু রয়েছে, হঠাৎ করে কেন তা বন্ধ করে দেওয়া হবে।
গত ২৬ জানুয়ারি সকাল থেকে তাঁরা ঘোষণা অনুযায়ী আট ঘণ্টার পর ট্রেন চালানো বন্ধ করে দেন। চালকেরা বলেন, ১৫০ বছর ধরে যে নিয়ম চালু রয়েছে, হঠাৎ করে কেন তা বন্ধ করে দেওয়া হবে। এটা তাঁরা মানবেন না। সেদিন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার ক্ষুব্ধ কর্মচারীদের বোঝানোর জন্য দুপুর ১২টার দিকে রাজশাহী স্টেশন ব্যবস্থাপকের কার্যালয়ে এসে বসেন। তাঁকে পেয়ে ট্রেনের চালকেরা তাঁদের ক্ষোভের কথা বলতে শুরু করেন। তাঁর আশ্বাসে ট্রেনের রানিং স্টাফ গিয়ে ট্রেন ওঠেন।
আজ দুপুর সোয়া ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাকি হওয়ার ঘোষণা দেওয়া হয়। ততক্ষণে চিলাহাটিগ্রামী তিতুমীর এক্সপ্রেস, ঢাকাগামী বিরতিহীন বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস এবং ফরিদপুরের ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেসসহ পাঁচটি ট্রেনের যাত্রা বাতিল করে যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়েছে। এতে ওই সব ট্রেনের যাত্রীরা দুর্ভোগ পোহান।
জিএম অসীম কুমার তালুকদার বলেন, রানিং স্টাফরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। এখন থেকে ট্রেন চলবে। কিন্তু সকালের যে পাঁচটি ট্রেনের যাত্রা বাতিল করে টিকিট ফেরত দেওয়া হয়েছে। সেগুলো আর যাবে না। এখন সামনে পদ্মা এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেস যাবে। আর যে ট্রেনগুলো রাজশাহীতে সকালে ঢোকার কথা ছিল, সেগুলোও আর আসতে পারবে না। পরের দিন এগুলো স্বাভাবিকভাবে চলবে।