রাজশাহীতে পাল্টাপাল্টি ধাওয়ায় যুবদল নেতারা, কেন্দ্রীয় নেতাদের কথা শুনল না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে যুবদলের কর্মীদের মাঝে হাতাহাতি। নগরের ভূবনমোন পার্কে বুধবার বিকেলে
প্রথম আলো

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে যুবদলের কয়েকটি পক্ষের মধ্যে দফায় দফায় হট্টগোল, হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রীয় নেতারাও মঞ্চে উপস্থিত ছিলেন। হট্টগোলের মধ্যেই বিএনপির নেতারা মঞ্চে বক্তৃতা করে গেছেন।

আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের বিভিন্ন থানা থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের ভুবন মোহন পার্কে আসেন। বেলা ৪টার দিকে যুবদলের কয়েকটি পক্ষ দফায় দফায় নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ায়। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা চেষ্টা করেও সমাবেশে শৃঙ্খলা ফেরাতে পারেননি।

মারামারি থামাতে কিছুক্ষণের জন্য বক্তব্য বন্ধ করে মঞ্চ থেকে নেমে আসেন নেতারা। একপর্যায়ে যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান মাইকে বলতে থাকেন, ‘যুবদলের নেতারা থামেন। আপনারা যা করছেন এখানে, তা আমি অবলোকন করছি। দলীয় শৃঙ্খলাভঙ্গকারী একজনকেও ছাড় দেওয়া হবে না।’ এরপরও নেতারা শান্ত হননি। একপর্যায়ে যুবদলের নেতারা পাশেই মালোপাড়ায় নিজেদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় লিপ্ত হন। পরস্পরকে ইটপাটকেল মারেন।

বেলা ৪টার দিকে যুবদলের কয়েকটি পক্ষ দফায় দফায় নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ায়। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা চেষ্টা করেও সমাবেশে শৃঙ্খলা ফেরাতে পারেননি।

মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ওবায়দুর রহমান চন্দন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন প্রমুখ। সভার সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী।

রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নগরের ভূবনমোন পার্কে বুধবার বিকেলে
প্রথম আলো

নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, এ দেশের মানুষ সবাই জানে যে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। আটা, ময়দা, পেঁয়াজ, বিদ্যুৎ, তেল, ট্রেনের টিকিট, চিকিৎসা খরচ, শিক্ষা ব্যয় বেড়ে গেছে। হালাল উপার্জনকারীদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একজন মন্ত্রী সেদিন বলেছেন, টিসিবির ট্রাকের লাইনে প্যান্ট-শার্ট পরা লোকজনও দাঁড়িয়ে আছে। উনি এতে আনন্দ পেয়েছেন নাকি কষ্ট পেয়েছেন, তা জানি না। কিন্তু যাঁদের সেখানে দাঁড়ানোর কথা না, তাঁদেরও সেখানে দাঁড়াতে হচ্ছে, এটাই বাস্তবতা।

নির্বাচন নিয়ে তিনি বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে যায়নি। সেবার ৩০০ আসনের মধ্যে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় আওয়ামী লীগ। ২০১৮ সালে নির্বাচনে বিএনপি গেলে আগের মতো তা হয়নি। ভোট হয়ে গেল রাতেই। কারণ, জনগণ তাদের ভোট দেবে না, তারা ভয় পেয়েছে। এবারও তা–ই করেছে। আইন বলে, সরকারের বিশেষ সুবিধাভোগী কেউ নির্বাচন কমিশনার হতে পারে না। কিন্তু এবারই প্রথম নির্বাচন কমিশনের পাঁচজনই সরকারি কর্মকর্তা। যাঁদের সারা জীবন শুধু হুকুম তামিল করে চলার অভ্যাস।

বিএনপির এই নেতা বলেন, ‘এবার মুক্তির লড়াই হবে আমাদের ভাই তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমানের নেতৃত্বে এ দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এবারও আন্দোলন করে এই গণতন্ত্র ছিনিয়ে আনতে হবে। আগামী দিনের আন্দোলন হবে গণমুখী।’