রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজশাহীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। নিহত একজনের স্ত্রী ও ভাগনি গুরুতর আহত হয়েছেন। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে নগরের রাজপাড়া থানার আলীগঞ্জ ও গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড়ে দুর্ঘটনা দুটি ঘটে।

গোদাগাড়ীতে নিহত দুজন হলেন উপজেলার দেওপাড়া ইউনিয়নের গোলাই গ্রামের আবদুস সালাম (৬০) ও তাঁর ছেলে মো. ইব্রাহিম (৩৫)। সালাম ঘটনাস্থলেই মারা যান। আলীগঞ্জে নিহত ব্যক্তির নাম মো. পারভেজ (২৪)। আলীগঞ্জ বাগানপাড়ায় তাঁর বাড়ি। বাবার নাম আবদুল বাবু।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন ইব্রাহিম ও তাঁর বাবা। গোদাগাড়ীর বিজয়নগরে কোনো একটি গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সালাম মারা যান। ছেলে ইব্রাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দিবাগত রাত পৌনে তিনটার দিকে মারা যান। এ নিয়ে থানায় একটি মামলা হবে বলে জানান ওসি।

এদিকে নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বলেন, গতকাল সন্ধ্যার পর পারভেজ তাঁর মোটরসাইকেলে স্ত্রী সুবর্ণা খাতুন (১৮) ও ভাগনি রাইসা খাতুনকে (৭) নিয়ে যাচ্ছিলেন। আলীগঞ্জ এলাকায় একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পারভেজ নিহত হন। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে।