রাজশাহীতে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

রাজশাহীতে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৮টার দিকে নগরের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রিয়াজুল ইসলাম (২৩)। তাঁর বাড়ি নিউমার্কেটসংলগ্ন ষষ্ঠীতলা এলাকায়। বাবার নাম মধু মিয়া। এ ঘটনায় মো. রিংকু (২৩) নামের আরেক তরুণ আহত হয়েছেন। রিংকুরও বাড়ি একই এলাকায়।

ঘটনার পর দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রিয়াজুলকে মৃত ঘোষণা করেন। আহত রিংকু হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ বক্সে দায়িত্বরত এক কনস্টেবল বলেন, নিহত রিয়াজুলের মাথায় গুরুতর আঘাত দেখা গেছে। রড বা লাঠিসোঁটার আঘাত হতে পারে সেটি। হাতে জখম আছে। সেগুলো ছুরির আঘাত হতে পারে। আর আহত রিংকুর শরীরে কাটা জখম আছে। তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে তাঁর স্বজনেরা পুলিশকে জানিয়েছেন।

স্থানীয় লোকজন জানিয়েছেন, নিউমার্কেটের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে রিয়াজুলের সঙ্গে এলাকার অন্য দুই তরুণের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই সন্ধ্যার পর সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অবস্থান নিয়েছে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, নিহত রিয়াজুলের মরদেহ মর্গে রাখা আছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।