রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ তরুণ নিহত
রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের ললিতনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত ওই তরুণ শিশুধর্ষণ ও হত্যা মামলার সন্দেহভাজন আসামি।
নিহত তরুণের নাম মো. শামীম (২১)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাউটিয়া গ্রামের বাসিন্দা।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, রাতে গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল গোদাগাড়ী উপজেলার ললিতনগর গ্রামে টহল দিচ্ছিল। এ সময় একদল দুষ্কৃতকারী পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষায় পুলিশ গুলি চালায়। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় সেখানে এক ব্যক্তি পড়ে থাকেন। তাঁকে উদ্ধার করে আজ ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইফতেখায়ের আলম আরও বলেন, ‘বন্দুকযুদ্ধের’ পর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়। তাঁর নাম শামীম। তাঁর লাশের পাশ থেকে একটি পিস্তল, একটি গুলি, দুটি গুলির খোসা ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। কয়েক দিন আগে উপজেলার একটি গ্রামে ধর্ষণের পর খুনের শিকার হওয়া এক শিশুর বাড়ি থেকে ফোনটি চুরি হয়েছিল। এ থেকেই প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়, চুরি করতে গিয়ে শামীম ধর্ষণ ও খুনের ঘটনা ঘটিয়েছেন।
পুলিশ জানায়, ১৯ জুন রাতে গোদাগাড়ী উপজেলার একটি গ্রামে ১০ বছরের এক শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়। ২০ জুন সকালে ওই শিশুর বাড়ির কাছের অপর একটি বাড়ির ছাদের ওপরে খড়ের গাদার নিচে শিশুটির লাশ পাওয়া যায়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেন ওই শিশুর দাদা।
গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, মোবাইল চোর হিসেবে এলাকায় শামীমের বদনাম আছে। তিনি অবিবাহিত ছিলেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। সেই সঙ্গে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।