রাজশাহীতে বারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল জয়ী
রাজশাহী বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ২১টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ২০টি পদে জয় পেয়েছে। গতকাল বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক আর সাধারণ সম্পাদক হয়েছেন এই প্যানেলের পারভেজ তৌফিক জাহেদী। তাঁরা টানা দ্বিতীয়বারের মতো একই পদে নির্বাচিত হলেন। নির্বাচনে সভাপতি মোজাম্মেল হক পেয়েছেন ৩২২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী এন্তাজুল হক ২০৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী পারভেজ তৌফিক জাহেদী পেয়েছেন ৩৫০ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী শরিফুল ইসলাম শরিফ পেয়েছেন ১৭৯ ভোট।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে শুধু নির্বাহী সদস্য পদে একজন বিজয়ী হয়েছেন। তিনি হলেন রকিবুল হাসান। আর জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে শুধু সদস্য পদে একজন হেরেছেন। তিনি হলেন মোশাররফ হোসেন।
জয়ী অন্যরা হলেন তিনজন সহ-সভাপতি এ কে এম মিজানুর রহমান, মাহবুবুল ইসলাম ও আবু মোহাম্মদ সেলিম; দুজন যুগ্ম সম্পাদক আতিকুর রহমান ও নূর-এ কামরুজ্জামান; হিসাব সম্পাদক সেলিম রেজা, লাইব্রেরি সম্পাদক রিয়াজ উদ্দীন, সম্পাদক অডিট আজিমুশ সান উজ্জ্বল, সম্পাদক (প্রেস অ্যান্ড ইনফরমেশন) মোজাম্মেল হক, সম্পাদক (ম্যাগাজিন অ্যান্ড কালচার) রজব আলী।
৯টি নির্বাহী সদস্য পদের মধ্যে এই প্যানেল থেকে নির্বাচিত আটজন হলেন আফতাবুর রহমান, সাইদুর রহমান, আমজাদ হোসেন, রাকিবুল ইসলাম, হাসানুল বান্না সোহাগ, সিফাত জেরিন, সেকেন্দার আলী ও আবদুল বারী।
এর আগে গতকাল সকাল ৯টায় আদালতপাড়ার ১ নম্বর নতুন বার ভবনের দোতলায় ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ১ ঘণ্টার বিরতি শেষে টানা বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৮৮ জন। এর মধ্যে ৫৪৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২১ পদের বিপরীতে দুটি প্যানেলে ৪২ জন প্রার্থী অংশ নিয়েছিলেন।