রাজশাহীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলার মানচিত্র

বাড়ি থেকে ডেকে নিয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের এক ওয়েম্যানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে নগরের বেলদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ বলছে, দুর্ঘটনায় আহত হয়ে বা অন্য কোনো কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

ওয়েম্যানের নাম সোহেল রানা (৩৯)। তাঁর বাবার নাম আবদুল করিম। তাঁর বাড়ি নগরের রেলওয়ে কলোনি এলাকায়। যে ব্যক্তি তাঁকে বাড়ি থেকে ডেকে এনেছিলেন, তাঁকেও একই সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাঁকে হাসপাতালেই আটক করেছে। তিনিও অসুস্থ। ওই ব্যক্তির নাম ফারুক হোসেন (৩৯)। তাঁর বাবার নাম আবদুল জলিল। একই এলাকায় তাঁদের বাড়ি।

ফারুক ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে বাড়িতে এসেছেন। তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন বলে পুলিশ ধারণা করছে।

এদিকে এর দুই দিন আগে গত রোববার রাতে নগরের হেতেম খাঁ সবজিপাড়া এলাকায় একইভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, নিহত ব্যক্তির হাঁটুর নিচে আধা ইঞ্চি পরিমাণ ক্ষত রয়েছে। আর পায়ের কয়েকটি আঙুল থেতলে গেছে। শরীরের আর কোথাও মৃত্যু হওয়ার মতো জখম নেই। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

সোহেল রানার বড় ভাই আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ফারুক তাঁর ভাইকে গতকাল রাত সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর প্রায় এক ঘণ্টা পরই তিনি তাঁর ভাইয়ের মৃত্যু সংবাদ পান। তাঁর ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

কর্তব্যরত চিকিৎসক সোহেল রানার মৃত্যুসনদে লিখেছেন, সড়ক দুর্ঘটনায় বা অজানা কারণে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। ওসি বলেন, আজ বুধবার সকালে নিহত সোহেলের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। পরিবারের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে এসে সোহেলকে হত্যা করা হয়েছে। আটক ফারুক দাবি করেছেন, সোহেল রানার পায়ের ওপর দিয়ে একটি মুরগির ভ্যান চলে গেছে। এতেই তিনি আহত হয়েছেন। ওসি বলছেন, তাঁরা দুজনের মদ্যপ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।