রাজশাহীতে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে হত্যা, দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাতে নিহত
প্রতীকী ছবি

রাজশাহী নগরের রানীনগর এলাকায় বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে ওই এলাকার সিটি হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার দিন রাতেই ছয়জনকে আসামি করে নিহত ব্যক্তির ভাই নজরুল ইসলাম হত্যা মামলা করেছেন।

নিহত ব্যক্তির নাম পিয়ারুল ইসলাম (৩৫)। নিহত পিয়ারুলের লাশ উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন নগরের রানীনগর এলাকার মো. হাসিবুল ইসলামের ছেলে শিমুল হোসেন (২২) ও মো. তারেকের ছেলে সোহানুল ইসলাম (২১)। এ ঘটনায় বাকি চার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানীনগর এলাকায় সিটি হাসপাতালের সামনে শনিবার সন্ধ্যার দিকে কয়েকজনের সঙ্গে তর্কাতর্কি হয় পিয়ারুলের। পরে পিয়ারুল সেখান থেকে বাড়িতে চলে যান। রাত আটটার দিকে কয়েকজন পিয়ারুলের বাড়িতে যান। তাঁরা পিয়ারুলকে ঘর থেকে ডেকে বাইরে বের করে নিয়ে আসেন। বাড়ির মধ্যেই লোহার রড, জিআই পাইপ দিয়ে আঘাত করা হয় তাঁকে। পরে পিয়ারুলের বুকে ছুরি মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা। রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলেই পিয়ারুলের মৃত্যু হয়।