রাজশাহীতে বিএনপিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম
রাজশাহীতে বিএনপির সমাবেশে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন করেন সাংবাদিকেরা। মানববন্ধনের আয়োজন করে টিভি ক্যামেরা সাংবাদিকেরা। মানববন্ধন থেকে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক প্যাডে দুঃখ প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিলে দলটির সব ধরনের কর্মসূচি বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু ইস্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে বক্তৃতা করেন। ওই বক্তব্যকে হত্যার হুমকি দাবি করে বিএনপি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার বিকেল থেকেই বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন মিছিল নিয়ে ভুবনমোহন পার্কে প্রবেশ করে। সমাবেশের মাঝামাঝি সময়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টিভি ক্যামেরা সাংবাদিকেরা ভিডিও ধারণ করতে থাকেন। এতে তাঁরা সাংবাদিকদের ওপর চড়াও হন। একপর্যায়ে ধাক্কা দেন। এতে চ্যানেল ২৪–এর ক্যামেরা সাংবাদিক আক্তারুজ্জামান লেলিনের হাতের কবজির ওপরে একটি অংশ কেটে যায়। তাঁর ক্যামেরাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত পাঁচ সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে। পরে সাংবাদিকেরা সমাবেশ বর্জন করে চলে আসেন।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান বলেন, বিএনপির মহানগর ও রাজশাহীর কমিটি আনুষ্ঠানিকভাবে কোনো দুঃখ প্রকাশ করেনি। তারা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থাও নেয়নি। তারা যদি ৭২ ঘণ্টার মধ্যে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেয়, তবে রাজশাহীর সাংবাদিকেরা বিএনপির সব ধরনের কর্মসূচি বর্জন করবেন।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা সাংবাদিক জাফর ইকবালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান শিবলী নোমান, নিউজ ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী শাহেদ, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনরে সভাপতি আসাদুজ্জান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও মাছরাঙা টেলিভিশনের ক্যামেরা পারসন মাহফুজুর রহমান, যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসন জাবিদ অপু।
এর আগে বৃহস্পতিবার প্রধান বক্তা হিসেবে মঞ্চে উঠে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, ‘সাংবাদিক ভাইদের বলছি, আমাদের যদি কোনো ভুলত্রুটি থাকে, আপনারা ক্ষমার চোখে দেখবেন। বিএনপি বড় দল। এই দলের ভুলভ্রান্তি হতেই পারে। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’