রাজশাহীতে বিদেশি অস্ত্রসহ তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরে অস্ত্রসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরের পদ্মা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সুকচান (২০)। তিনি নগরের মতিহার থানাধীন ডাসমারী করিডোর মোড় এলাকার আক্তার হোসেনের ছেলে।
র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। রাতে র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব বিজ্ঞপ্তিতে জানায়, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরের পদ্মা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সুকচানকে আটক করে। সুকচানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, দুটি গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। এ নিয়ে তাঁর বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা হয়েছে। রাতেই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।