রাজশাহীতে বিয়ে করলেন মডেল রাউধার বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে রাউধা আথিফের মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত ও বিচারের দাবিতে সোচ্চার বাবা মোহাম্মদ আথিফ। ফাইল ছবি
মেয়ে রাউধা আথিফের মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত ও বিচারের দাবিতে সোচ্চার বাবা মোহাম্মদ আথিফ। ফাইল ছবি

রাজশাহীতে মারা যাওয়া মালদ্বীপের মডেল ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী রাউধা আথিফের বাবা মোহাম্মদ আথিফ বিয়ে করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর আদালতে তিনি বিয়ে করেন।

আথিফের স্ত্রীর নাম কনকলতা (৩০)। তিনি রাজশাহীর পবা উপজেলার নওহাটা পিল্লাপাড়া এলাকার বদিউজ্জামানের মেয়ে।

রাজশাহীতে মোহাম্মদ আথিফের ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে, পেশায় চিকিৎসক আথিফ বিয়ের পর শহরের লক্ষ্মীপুরে প্যারামেডিকেল কলেজের সামনে তাঁর স্ত্রীর ভাড়া বাড়িতে ওঠেন। তিনি সেখানেই থাকবেন। রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকার এক যুবক দীর্ঘদিন মালদ্বীপে ছিলেন। তাঁর সূত্র ধরেই কনকলতাকে আথিফ বিয়ে করেছেন বলে ওই ঘনিষ্ঠজনের দাবি।

আদালতে দেওয়া কাগজপত্রে দেখা যায়, বিয়েতে আথিফের মালদ্বীপের ঠিকানা দেওয়া হয়েছে বুলুকিয়া মেজো/১, মালদ্বীপ। রাজশাহী নগরের উপরভদ্রা এলাকাকে রাজশাহীর ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর ঠিকানা সংক্রান্ত জটিলতা থাকায় বিয়ের নিবন্ধন এখনো হয়নি। তবে ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়েছে। আগামী রোববার আথিফকে আদালতে হাজির হয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে আদালত সূত্র জানিয়েছে।

গত ২৯ মার্চ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে নগরের শাহ মখদুম থানায় কলেজ কর্তৃপক্ষ একটি অপমৃত্যুর মামলা করে। মেয়ের মৃত্যুর খবরের পরে রাজশাহীতে আসেন মোহাম্মদ আথিফ। এরপর তিনি আদালতে হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর পর থেকে তিনি রাজশাহীতেই অবস্থান করছেন।