রাজশাহীতে বেড়াতে গিয়ে পদ্মায় ডুবে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহীতে পদ্মা নদীর ধারে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নগরের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া আরেক ছাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত।

আজ শুক্রবার সকালে নগরের পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ছাত্রীর নাম মাইমুনা খাতুন (১৩)। সে জেলার চারঘাট থানার অনুপমপুর গ্রামের ফজলুল হকের মেয়ে। মাইমুনা নগরের শিরোইল শান্তিবাগ এলাকার মাদরাসাতুস সুফ্ফাহ আল আরাবিয়্যাহ রাজশাহীর হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

মাদ্রাসার পরিচালক আরিফুল ইসলাম বলেন, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষকের সঙ্গে পদ্মা নদীর ধারে বেড়াতে যায়। নগরের পাঠানপাড়া এলাকার লাল শাহ মঞ্চের নিচে পদ্মা নদীর ধারে বেড়াতে গিয়ে পানিতে নেমে মাইমুনা খাতুন ও লুবনা নামের শিক্ষার্থী আর উঠতে পারেনি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। যে শিক্ষক ছিলেন, তিনিও উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করেন। দুজনের মধ্যে মাইমুনা খাতুন মারা যায়।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, তারা সকাল ৯টা ৫ মিনিটে খবর পেয়েছেন। ৯টা ১০ মিনিটে দুজনকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাইমুনাকে মৃত ঘোষণা করেন। লুবনা কথা বলতে পারছে। তাকে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সে বিপদমুক্ত।

আবদুর রউফ আরও বলেন, ছুটির দিনে সকালে বেড়াতে গিয়ে তারা বোরকা ও ওড়না পরা অবস্থায় পানিতে নেমেছিল। বেশি পানিতে চলে গেলে সাঁতার কাটার চেষ্টা করলে বোরকা ও ওড়নায় তাদের হাতে–পায়ে জড়িয়ে যায়। তারা আর পাড়ে উঠতে পারেনি।