রাজশাহীতে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার

ফোন পেয়ে করোনা আক্রান্ত রোগির বাসায় বিনামূল্যে অক্সিজেন সিলিণ্ডার পৌছে দিচ্ছেন রাজশাহী সিটি করপোরেশেনের কর্মীরা। গত রোববার উপশহর এলাকায়ছবি:শহীদুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮০ বছর বয়সী আবদুস সালাম করোনায় আক্রান্ত হয়ে ৫৬ দিন ধরে অসুস্থ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও ২১ দিন ধরে বাসায় চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিন তাঁর অক্সিজেনের প্রয়োজন পড়ছে। এত অক্সিজেন কেনা তাঁর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। বাসায় চিকিৎসা চলাকালে তাঁর বাড়িতে ৩০ বার অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ। এই সেবার জন্য কোনো টাকা নেওয়া হয়নি।

এভাবে পুলিশ এ পর্যন্ত নগরের ৪৮০টি পরিবারকে ৭৫০টির বেশি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছে। তাদের ৪০ জন স্বেচ্ছাসেবক ২৪ ঘণ্টা এই সেবায় নিয়োজিত রয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এই উদ্যোগ নিয়েছেন। এই কর্মযজ্ঞে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন। তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন।

একইভাবে এই অতিমারির সময়ে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে ৬৬৩টি সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পাটির গড়া স্বেচ্ছাসেবী সংগঠন জামিল ব্রিগেড অক্সিজেনসহ রোগীদের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে। তারা এ পর্যন্ত সাড়ে ৩০০–এর বেশি রোগীকে এই সেবা দিয়েছে। অক্সিজেন সিলিন্ডারের সেবা দিয়ে চলেছে রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদও।

গত মে মাসের শুরুর দিকে ভারতে করোনাভাইরাসের ডেলটা ধরন মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশও এই ঝুঁকির মধ্যে পড়ে। মে মাসের শেষের দিকেই ডেলটা ধরন দেশে ছড়িয়ে পড়ে এবং জুনে এই সংক্রমণ প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ও পরে রাজশাহীতে ভয়ংকর রূপ নেয়। রাজশাহীতে হাসপাতালে রোগীদের ভিড় বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে অক্সিজেনের হাহাকারও ফুটে ওঠে। পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নিজের এবং হিতৈষী ব্যক্তি ও সংগঠনের সহায়তায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। পাশাপাশি সিটি করপোরেশনসহ অন্যরা এই সেবা দেওয়া শুরু করে।

ফোন পেয়ে করোনা আক্রান্ত রোগীর বাসায় বিনামূল্যে অক্সিজেন সিলিণ্ডার পৌছে দিচ্ছেন রাজশাহী মহানগর পুলিশের সদস্যরা। গত রোববার বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায়
ছবি: প্রথম আলো

রাজশাহী নগরের সাগরপাড়া এলাকার পরিবহন ব্যবসায়ী খালেদ এবাদুল্লাহ (৬৫) গত ২৮ জুন করোনায় আক্রান্ত হন। তিনি জানান, তাঁর ৭০টি অক্সিজেন সিলিন্ডার লেগেছে। ৪৭টি ইঞ্জেকশন দিতে হয়েছে। ৩০০টি ক্যাপসুল খেতে হয়েছে। কিছুতেই যখন কুলিয়ে উঠতে পারছিলেন না, তখন তিনি পুলিশের অক্সিজেন সহায়তা নিয়েছেন। মাহানগর পুলিশ তাঁকে ২৫টি সিলিন্ডার দিয়েছে। ১০ দিন থেকে তিনি সুস্থ আছেন।

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘সামর্থ্যবান ব্যক্তিরা অক্সিজেন বাইরে থেকে সংগ্রহ করতে পারলেও সাধারণ মানুষের পক্ষে তা ছিল খুবই কষ্টসাধ্য। একেকটি অক্সিজেন সিলিন্ডারের দাম ২৫ থেকে ৩০ হাজার টাকা। অক্সিজেনের জন্য রোগীদের আহাজারি আমাকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। এ কারণে অক্সিজেন–সংকট দ্রুত লাঘবে গত ১৫ জুন রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক যাত্রা শুরু করে। তখন থেকেই মানুষের ঘরে ঘরে আমরা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে আসছি। শুরুতে ৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ১৫০টির মতো সিলিন্ডার রয়েছে এই ব্যাংকে। দিন–রাত ২৪ ঘণ্টা পুলিশ কন্ট্রোল রুমে (০১৩২০০৬৩৯৯৮) যোগাযোগের মাধ্যমে এ সেবা গ্রহণ করার ব্যবস্থা রয়েছে।’

একইভাবে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকেও এই সেবা প্রদান করা হচ্ছে। নগরের তেরখাদিয়া এলাকার আনিসুজ্জামান জানান, তিনি, তাঁর বড় ভাই, স্ত্রী ও কন্যা গত ২৪ জুলাই র‌্যাপিড টেস্টের মাধ্যমে জানতে পারেন, তাঁরা সবাই করোনা পজিটিভ। ভাইয়ের অবস্থা খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে তাঁর স্ত্রীর অক্সিজেনের প্রয়োজন পড়লে তিনি দিশেহারা হয়ে পড়েন। এ সময় সিটি করপোরেশনে ফোন করলে বাড়িতে তারা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে যায়।

নগরের চন্দ্রিমা এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, তিনি, তাঁর মা, স্ত্রী ও ছেলে একসঙ্গে গত ৯ জুলাই পরীক্ষা করে করোনা পজিটিভ হওয়ার কথা জানতে পারেন। মায়ের অক্সিজেনের দরকার পড়ে। তখন ফোন করলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সিটি করপোরেশনের কর্মীরা তাঁর বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হন।

মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রথম আলোকে বলেন, এবার অনেক রোগীকে বাড়িতে চিকিৎসা নিতে হয়েছে। ডেলটা ধরনের কারণে তাঁদের ব্যাপক অক্সিজেনের দরকার পড়ছে। অনেকের পক্ষেই এই ব্যয়সংকুলান করা সম্ভব ছিল না। এ জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে করোনাকালে খাদ্যসহায়তার পাশাপাশি অক্সিজেনসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

জামিল ব্রিগেড তিনটি অ্যাম্বুলেন্সসহ অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। তারা রাজশাহী নগর ছাড়াও পার্শ্ববর্তী আটটি ইউনিয়ন ও দুটি পৌর এলাকায় ফোন পেলেই অ্যাম্বুলেন্সসহ অক্সিজেনসেবা নিয়ে হাজির হচ্ছে। জামিল ব্রিগেটের সমন্বয়ক দেবাশীষ প্রামাণিক বলেন, করোনা গ্রামের দিকে ছড়িয়ে পড়লে ৮ জুলাই থেকে তাঁরা একটি অ্যাম্বুলেন্স গ্রামের রোগীদের জন্য বরাদ্দ করেছেন।

রাজশাহী কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, তাঁরা এ পর্যন্ত ১২০ জন রোগীকে অক্সিজেনসেবা দিয়েছেন। আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রাগীব আহসান মুন্না জানান, তাঁরা এ পর্যন্ত ৩৫ জন রোগীকে এই সেবা দিয়েছেন।