রাজশাহীতে রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পরীক্ষাগুলো শেষ করার দাবিতে রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে
ছবি: শহীদুল ইসলাম

রাজশাহীর রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পরীক্ষাগুলো শেষ করার দাবিতে তাঁরা আজ রোববার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দেন। একই দাবিতে তাঁরা সেখানে মানববন্ধনও করেন।

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণে দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। এই অবস্থায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের চলমান পরীক্ষা থেমে গেছে। পরীক্ষাগুলো শেষ করার দাবিতে শনিবার বিক্ষোভ-সমাবেশ করে শিক্ষার্থীরা প্রতীকী পরীক্ষা দেওয়ার ঘোষণা দেন। সে অনুযায়ী, আজ রোববার সকালে তাঁরা খাতা-কলম নিয়ে বসে রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দেন।

এই কর্মসূচিতে অংশ নেন রাজশাহী কলেজসহ শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তাঁরা জানান, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন তাঁদের পরীক্ষা হয়নি। তাঁরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পরীক্ষা শুরুর পরই বন্ধ হয়ে গেছে। এতে তাঁরা আবার অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাঁরা স্বাস্থ্যবিধি মেনে বাকি পরীক্ষাগুলো শেষ করতে চান।

মানববন্ধন ও প্রতীকী পরীক্ষা শেষে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম, আব্দুর রহিম, বুলবুল আহম্মেদ, হিসাববিজ্ঞান বিভাগের রেবেকা বালা, মো. জাকারিয়া, আব্দুল হাদি প্রমুখ।