রাজশাহীতে শহীদ জোহার স্মৃতিফলক না সরিয়ে বিকল্প নকশা প্রণয়নের দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও তৎকালীন প্রক্টর শহীদ শামসুজ্জোহার স্মৃতিফলক না সরানোর আহ্বান জানিয়েছে রাবি শাখা ছাত্র ফেডারেশন। আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) রাস্তা প্রশস্তের পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেয় সংগঠনটি।
শামসুজ্জোহা ১৯৬৯ সালে ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন। রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশের ওই স্মৃতিবিজড়িত স্থানে রয়েছে একটি স্মৃতিফলক। তবে মহাসড়কটি বর্তমানে ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। ফলে ওই স্মৃতিফলকটি সেখান থেকে সরানোর চিন্তা-ভাবনা করছে সিটি করপোরেশন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তারা এ বিষয়ে একটি চিঠিও দিয়েছে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে স্মৃতিফলক সরিয়ে নেওয়ার মতামত বেশি এসেছে বলে জানা গেছে।
ছাত্র ফেডারেশনের রাবি শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৬৯ সালে ১৮ ফেব্রুয়ারি হাজার হাজার শিক্ষর্থীর জীবন রক্ষার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর গুলি ও বেয়নেটের আঘাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লুটিয়ে পড়েন ড. জোহা। সেই রক্তমাখা স্মৃতিবিজড়িত স্থানেই শহীদ জোহার স্মৃতিফলক নির্মিত হয়। শহীদ ড. জোহার স্মৃতিবিজড়িত স্থানে নির্মিত স্মৃতিফলকটির সঙ্গে বাংলাদেশের আত্মদানের ইতিহাস জড়িত। এটা শুধু একটা স্মৃতিফলকই নয় বরং এটি একটি আত্মমর্যাদার প্রতীক। এটি সরিয়ে রাস্তার পাশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে রাসিক কর্তৃপক্ষ। তবে স্মৃতিফলক ঠিক রেখেই বিকল্পভাবে ছয় লেনের রাস্তা করা যায় কি না, সেই আহ্বান জানান তাঁরা।
স্মৃতিফলক না সরানোর বিকল্প উপায়ও তাঁরা উল্লেখ করেছেন বিবৃতিতে। সংগঠনটি পরামর্শ দিয়ে বলছে, স্মৃতিফলক যেটুকু জায়গা নিয়ে আছে, তার সমপরিমাণ জায়গা দক্ষিণ দিকে খুব সহজেই রাস্তা করা যায়। ছয় লেনের মধ্যে একটা লেন যদি টানেলের মাধ্যমে করা যায় তাহলে স্মৃতিফলক সরাতে হবে না। ড. জোহার স্মৃতিফলক অক্ষত রেখে ছয় লেনের রাস্তা করার এ রকম বহু বিকল্প আছে বলে দাবি করে তারা।
সংগঠনটি প্রশ্ন তুলে বলছে, এ রকম স্মৃতিফলক, ভাস্কর্য ইত্যাদি সরানোর ব্যাপারে হেফাজত, জামায়াতসহ বিভিন্ন ইসলামিক দলের তোড়জোড় অতীতে দেখা গিয়েছে। একজন মেয়র যিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য তিনি কীভাবে ড. শামসুজ্জোহার স্মৃতিফলক সরানোর চেষ্টা করেন? ঐতিহাসিক সংগ্রাম, ঐতিহ্য, স্মৃতি উপড়ে ফেলার চিন্তা কোথা থেকে আসে?
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক নূর ইসলাম তুষার বলেন, তাঁরা একটি চিঠি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছেন। সেখানে তাঁরা ড. জোহার স্মৃতিফলকের জন্য একটি ভালো জায়গা দেখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তাঁরা আশা করছেন, এই বিষয়টি খুব দ্রুতই তাঁরা পেয়ে যাবেন।
স্মৃতিফলক সরিয়ে নেওয়ার বিষয়ে আপত্তি এলে কোনো বিকল্প চিন্তা আছে কি না, জানতে চাইলে নূর ইসলাম বলেন, তাঁরা এখনই কোনো বিকল্প চিন্তা করছেন না। যখন এটা আসবে, তখন চিন্তা করা যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছেন, মেয়র রয়েছেন। তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে মহাসড়কের মধ্যে এ ধরনের স্থাপনা রাখলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. সুলতান-উল ইসলাম বলেন, ৩ জুলাই স্মৃতিফলকের বিষয়টি নিয়ে তাঁরা প্রাথমিক আলোচনা করেছেন। বেশির ভাগ সদস্যই মহাসড়কের মাঝখানে স্মৃতিফলক না রাখার পক্ষে বলেছেন। তাঁদের যুক্তি, মহাসড়কের মধ্যে স্মৃতিফলক রাখা হলে দুর্ঘটনা ঘটতে পারে। তখন সেই দুর্ঘটনা নিয়ে আবার বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হতে পারে। আবার কেউ কেউ মহাসড়কের মধ্যে রাখার ব্যাপারেও মতামত দিয়েছেন। তবে ড. জোহা বিশ্ববিদ্যালয়ের সবার কাছে একটি আবেগের নাম, সে বিষয়ে চিন্তা করেই তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।