রাজশাহীতে শিল্পে গ্যাস-সংযোগ বন্ধ!
তিন বছর আগে রাজশাহীতে শিল্পকারখানায় গ্যাস-সংযোগ দেওয়া শুরু হয়েছিল। ইতিমধ্যে সাতটি কারখানায় সংযোগ দেওয়া হয়েছে। আরও সাতটি প্রতিষ্ঠান সংযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে। কিন্তু এরই মধ্যে সংযোগ দেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় শিল্প প্রসারের লক্ষ্যে রাজশাহীর শিল্পকারখানায় গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী ২০১২ সালের ২৫ জানুয়ারি রাজশাহীতে শিল্পকারখানায় গ্যাস-সংযোগের অনুমতি দেওয়া হয়। ইতিমধ্যে সাতটিতে সংযোগ দেওয়া হয়েছে। তারা উৎপাদনে গেছে।
কিন্তু এ বছরের শুরু থেকে ‘ক্যাপটিভ’ খাতে (যে কারখানায় প্রয়োজনীয় বিদ্যুৎ-গ্যাস ব্যবহার করে উৎপাদন করা হয়) গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্থানীয় পিজিসিএলের কার্যালয় থেকে উদ্যোক্তাদের আগেভাগে বিষয়টি জানানো হয়নি। গত মাসের মাঝামাঝি সময় পর্যন্ত উদ্যোক্তারা কারখানায় গ্যাস-সংযোগ পাওয়ার জন্য পিজিসিএলের সঙ্গে কাগজপত্র চালাচালি করেছেন। এরপর হঠাৎ পিজিসিএল থেকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আর সংযোগ দেওয়া যাবে না।
গ্যাস-সংযোগের অপেক্ষায় থাকা এমন একটি প্রতিষ্ঠান এসিআই-গোদরেজ। তারা এখানে মাছের খাবার তৈরি করবে। কোম্পানিটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পবা উপজেলার ধুতরাবন গ্রামে প্রায় ১৩৫ কোটি টাকা ব্যয়ে তাঁরা একটি কারখানা করেছেন। পিজিসিএলের প্রধান লাইন থেকে কারখানা পর্যন্ত চার কিলোমিটার গ্যাসলাইন তৈরি করতে তাঁদের ৩ কোটি ৬৭ লাখ টাকা খরচ হয়েছে। গ্যাস পেলে তাঁরা যেকোনো দিন কারখানা চালু করতে পারেন। তিনি বলেন, গ্যাস-সংযোগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা দেখে নিশ্চিত হয়ে তাঁরা এখানে বিনিয়োগ করেছেন। এখন তাঁরা রীতিমতো হতভম্ব।
রাজশাহী বিসিক এলাকার এমএইচ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ উদ্দিন বলেন, ২০১২ সালের ১৩ মে তিনি তাঁর কারখানায় গ্যাসের জন্য আবেদন করেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। ২৬ মে এক চিঠিতে তাঁকে বলা হয়, তাঁর মাধ্যমে আরও ২১টি শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস-সংযোগ দেওয়া হবে। এ জন্য ওই সব প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, কাজের প্রকৃতি, যেসব সরঞ্জাম দিয়ে গ্যাস-সংযোগ দেওয়া হবে, তার বিবরণ ও সম্ভাব্য গ্যাস ভোগের পরিমাণ ইত্যাদি জানাতে অনুরোধ করা হয়। এভাবে গত ১৫ ফেব্রুয়ারি তাঁর প্রতিষ্ঠানের নামে গ্যাস-সংযোগ জামানতের চাহিদাপত্র ইস্যু করা হয়। এরপর ১৮ মে দুটি পে-অর্ডার পিজিসিএলের বরাবর জমা দিতে গেলে তখন বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা না পাওয়া পর্যন্ত শিল্প খাতে গ্যাস-সংযোগের জন্য আর টাকা জমা নেওয়া হবে না। এরপর তিনি শিল্পমন্ত্রী বরাবরে আবেদন করেছেন, যার কপি প্রধানমন্ত্রীর কার্যালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন।
কোম্পানি এখানে মিনারেল ওয়াটার, বিস্কুট, লজেন্স, জুসের মতো পণ্য উৎপাদন করবে।
রহমান জুট স্পিনার্স প্রাইভেট লিমিটেডের পাট থেকে বিদেশে রপ্তানিযোগ্য সুতা উৎপাদন করবে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান বলেন, গ্যাস পাবেন এই আশায় তাঁরা এই কারখানায় ১০০ কোটি টাকার বেশি নিয়োগ করেছেন।
প্রাণ অ্যাগ্রো লিমিটেড একটি কারখানা ভাড়া নিয়েছে। গ্যাস-সংযোগ পেলে তারা বড় আকারের বিনিয়োগ করবে। তারা এখানে বেকারি পণ্য উৎপাদন করবে।
জাহিদ অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজের পণ্য হচ্ছে অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল তৈরি করবে। আর লাকি মেটাল ইঞ্জিনিয়ারিং কাস্ট আয়রন গলিয়ে গাড়ির যন্ত্রাংশ তৈরি করবে।
রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান বলেন, সরকার মহৎ উদ্দেশ্য নিয়ে শত শত কোটি টাকা বিনিয়োগ করে রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গ্যাস সরবরাহ নেটওয়ার্ক নির্মাণ করেছিল, এখন এমন হলে তা অর্থহীন হয়ে পড়বে।
জানতে চাইলে পিজিসিএলের মহাব্যবস্থাপক (মার্কেটিং) কামরুজ্জামান গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ রাখার কথা স্বীকার করে বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল। তাই সংযোগ পাওয়ার জন্য প্রক্রিয়াধীন কারখানাগুলোতে গ্যাস দেওয়ার ব্যাপারটি বিবেচনার জন্য তাঁরা পেট্রোবাংলাকে চিঠি দিয়েছেন। পেট্রোবাংলা বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছে।