রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় খাদ্য কর্মকর্তা নিহত
রাজশাহীর পুঠিয়ায় আজ বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন খাদ্য কর্মকর্তা নিহত হয়েছেন। সকাল নয়টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের শিবপুর এলাকায় হিউম্যান হলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত আতাউল ইসলাম (৪৩) মোটরসাইকেলের চালক ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মৃত ইলিয়াস আলীর ছেলে। আতাউল বাঘা উপজেলার খাদ্য অফিসের উপপরিদর্শক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাজশাহী-নাটোর মহাসড়কের নাটোরের দিক থেকে একটি হিউম্যান হলার আসছিল। আর মোটরসাইকেল নিয়ে আতাউর ইসলাম যাচ্ছিলেন নাটোরের দিকে। সকাল নয়টার দিকে মহাসড়কের শিবপুর এলাকায় মোটরসাইকেলে তিনি একটি গাড়িকে অতিক্রম করার মুহূর্তে হিউম্যান হলারের সামনে পড়েন। এ সময় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান আতাউর।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোফাক্কারুল ইসলাম বলেন, হিউম্যান হলারটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। পরিবার ময়নাতদন্ত চায়নি বলে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কেউ মামলা করেনি। দুপুরে পুলিশ বাদী হয়ে সড়ক পরিবহন আইনে পুঠিয়া থানায় মামলা করেছে।