রাজশাহীতে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জহির হোসেন (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়স্বর গ্রামের আবু কাশেমের ছেলে। তিনিসহ তাঁর পরিবার রাজশাহী নগরের শাহমখদুম থানাধীন এলাকায় বসবাস করেন। তিনি পেশায় মোটরসাইকেলের মেকানিক।

প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জহির গতকাল রাতে মোটরসাইকেলে করে রাজশাহী থেকে গোদাগাড়ীর দিকে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাত নয়টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বসন্তপুর এলাকায় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ প্রথমে তাঁকে শনাক্ত করতে পারেনি। পরে জহিরের পরিবারের সদস্যরা তাঁর মোটরসাইকেল ও পাশে রাস্তায় পড়ে থাকা মোবাইল ফোন দেখে তাঁকে শনাক্ত করেন।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বলেন, জহিরের লাশ থেঁতলে যায়। এ কারণে প্রথমে চেনা যায়নি। পরে পরিবারের সদস্যরা মোটরসাইকেল ও মোবাইল ফোনের মাধ্যমে তাঁকে শনাক্ত করেন। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি শনাক্ত করা যায়নি। রাতেই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই রাতেই মামলা করেছেন।