রাজশাহীতে হচ্ছে ২৫ তলা বঙ্গবন্ধু টাওয়ার

রাজশাহীতে ২৫ তলাবিশিষ্ট বঙ্গবন্ধু টাওয়ারের নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ২৫ তলাবিশিষ্ট বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হবে ১৫০ কোটি টাকা। এটিই হবে উত্তরবঙ্গের সর্বোচ্চ উঁচু টাওয়ার। আজ শনিবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এর উদ্বোধন করেন।

রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, রাজশাহী হাউজিং এস্টেটের ১ নম্বর সেক্টরের উপশহর নিউমার্কেট এলাকায় প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণকাজের উদ্বোধন
প্রথম আলো

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ভবনটি দেখতে হবে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। ছয়তলা পর্যন্ত হবে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং এর ওপরে হবে আবাসিক। নিচতলায় থাকবে গ্রিন জোন। ভবনটিতে ৪০ হাজার স্কয়ার ফুট জায়গায় মসজিদ হবে, যেখানে একসঙ্গে

আড়াই হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন বলে সংশ্লিষ্টরা তাঁকে জানিয়েছেন। বঙ্গবন্ধু টাওয়ার রাজশাহীকে সারা দেশে নতুন করে পরিচয় করিয়ে দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামসুল আলম। তিনি বলেন, দৃষ্টিনন্দন করে বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ করা হবে, যা হবে উত্তরাঞ্চলের সর্বোচ্চ উঁচু ভবন। যেহেতু ভবনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নির্মিত হবে, তাই ভবনে এলে যে কেউ যাতে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে, সেই ব্যবস্থা রাখা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রাজশাহী সার্কেলের নির্বাহী প্রকৌশলী, কাওসার মোর্শেদ, উপবিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির, ১৪ নম্বর ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগ সভাপতি দরবেশ আলী চিশতি, সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণকাজ তত্ত্বাবধান করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্রায় ৬ দশমিক ১৫ বিঘা জমির ওপর নির্মিতব্য ২৫ তলা টাওয়ারের ২২ তলা মাটির ওপর দৃশ্যমান হবে, বাকি তিনতলা গ্রাউন্ড ফ্লোরে থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।