রাজশাহীতে হরকাতুল জিহাদের আঞ্চলিক কমান্ডারসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে হরকাতুল জিহাদের আঞ্চলিক কমান্ডারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে শাহমখদুম থানায়
প্রথম আলো

রাজশাহীতে হরকাতুল জিহাদ-বাংলাদেশের (হুজি-বি) রাজশাহী ও খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে রাজশাহী নগরের উপকণ্ঠ খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী নগর পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন হরকাতুল জিহাদের রাজশাহী-খুলনার আঞ্চলিক কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল (৪১) ও নব্য সদস্য ও সমন্বয়কারী আবদুল আজিজ ওরফে নোমান (২৩)। ইব্রাহিম খলিল যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রামের বসুরহাট এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। আর নোমান নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোশারফ মঞ্জিল গ্রামের আবদুল হালিমের ছেলে।

এই দুজনকে গ্রেপ্তারের পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের শাহ মখদুম থানায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। সেখানে তিনি বলেন, গ্রেপ্তার এই দুজন গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা হুজি-বি নেতা আতিকুল্লাহ ওরফে জুলফিকারের নির্দেশনায় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছিলেন। আতিকুল্লাহ হুজি নেতা মুফতি হান্নানের অন্যতম সহযোগী। ইব্রাহিম খলিল ও নোমানের কাছে বিপুলসংখ্যক জিহাদি বই পাওয়া গেছে। এখান থেকে অনুমান করা যায়, সংগঠনকে শক্তিশালী করতে তাঁরা কাজ করছিলেন। অটোরিকশায় যাওয়ার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সঙ্গে আরও চারজন ছিলেন। তাঁরা পালিয়েছেন। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ কমিশনার আরও বলেন, দুবাই থেকে আসা টাকায় হুজির সদস্যরা সংগঠনের কারাবন্দী সদস্যদের জামিন করার চেষ্টা করছেন। তাঁদের ব্যাপারে পুলিশের গোয়েন্দা নজরদারি আছে। পুলিশ সদর দপ্তর এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) সহায়তায় নগর পুলিশের একটি বিশেষ দল খড়খড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে ইব্রাহিম খলিল ও নোমানকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।