রাজশাহীতে হেরোইনসহ তরুণ গ্রেপ্তার
রাজশাহীতে ১ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ ১ তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার বেলা পৌনে তিনটার দিকে নগরের দামকুড়া থানার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রায় দুই কোটি টাকার হেরোইন জব্দ করা হয়।
গ্রেপ্তার ওই তরুণের নাম মিজানুর রহমান (২২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানার রহমপুর গ্রামের বাসিন্দা। র্যাব বলছে, মিজানুর মাদক ব্যবসায়ী।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে। ১ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মিজানুরকে আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে করে রাজশাহীতে হেরোইন বিক্রি করতে যাচ্ছিলেন। পথে গোদাগাড়ীর গোপালপুর এলাকায় ওই বাসে তল্লাশি চালিয়ে তাঁর কাপড়ের ব্যাগ থেকে হেরোইন উদ্ধার করা হয়। এসব হেরোইনের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
এ ঘটনায় রাজশাহী নগরের দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মিজানুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।