রাজশাহীতে ১৭ লাখ টাকার নকল প্রসাধনীসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে নকল প্রসাধনীসহ দুজনকে আটক করেছে পুলিশ
ছবি: প্রথম আলো

রাজশাহীতে নামীদামি বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরির কারখানা পাওয়া গেছে। ওই কারখানায় অভিযান চালিয়ে নকল প্রসাধনী, তা তৈরির কাঁচামাল ও যন্ত্রাংশসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরের পবা উপজেলার দিঘির পারিলা গ্রামে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

আটক দুজন হলেন রাজশাহী জেলার দুর্গাপুর থানার কালুপাড়া দক্ষিণপাড়া গ্রামের মো. সাইফুল ইসলাম (৪৮) ও তাঁর দুলাভাই রাজশাহী নগরের পবা থানার দিঘির পারিলা গ্রামের মো. মেজবাহ উদ্দিন (৪০)।

আবু কালাম সিদ্দিক বলেন, গতকাল পবা থানা এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। পবা থানার দিঘির পারিলা গ্রামের মেজবাহ উদ্দিন নিজ বাড়িতে তাঁর শ্যালক সাইফুলকে নিয়ে বিভিন্ন প্রকার কাঁচামাল, রাসায়নিক দ্রব্যাদি, বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে প্রতিষ্ঠিত দেশি-বিদেশি কোম্পানির মোড়কযুক্ত ভেজাল ও নকল প্রসাধনী তৈরি করে আসছিলেন। এসব নকল প্রসাধনী রাজশাহী নগর ও জেলার বিভিন্ন বিউটি পারলার, জেন্টস পারলার, সেলুন ও কসমেটিকস দোকানে সরবরাহ করছিলেন। পুলিশ তাঁদের কারখানায় অভিযান চালিয়ে সাইফুল ও মেজবাহকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের দেশি-বিদেশি নকল প্রসাধনী, তা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

নগরের পবা থানার ওসি সিরাজুম মনির বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ মামলা করেছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে দুজনকে আদালতে তোলা হবে।