রাজশাহীতে ৫৭ ধারার মামলায় তরুণের ৭ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় এক তরুণকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত। রোববার আসামির অনুপস্থিতিতে এ রায় দেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. সুমন ওরফে আবদুল মতিন ওরফে শুভ (২৪)। তিনি নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ মোল্লাপাড়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে। রায়ে ওই যুবককে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ জুলাই সুমন ওরফে শুভ নিজেকে ‘উগ্র ও জঙ্গি দলের সদস্য’ পরিচয় দিয়ে নওগাঁর রানীনগর উপজেলার পুজাইল গ্রামের শহিদুল ইসলামের ভাতিজির মুঠোফোনে খুদে বার্তা পাঠান। এতে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন সুমন। এ ছাড়া বাড়িতে অবৈধ অস্ত্র রেখে বিপদে ফেলারও হুমকি দেওয়া হয় ওই খুদে বার্তায়। এ নিয়ে একই বছরের ২৬ জুলাই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় রানীনগর থানায় আসামি সুমনের বিরুদ্ধে মামলা করেন শহিদুল ইসলাম।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বেগম বলেন, এ মামলায় নয়জন ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন। আদালতে মামলার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ টাকা পরিশোধ না করতে পারলে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।