রাজশাহীতে 'বন্দুকযুদ্ধে' নিহত যুবক শিক্ষক রেজাউল হত্যার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গত সোমবার দিবাগত রাতে নিহত যুবকের নাম নজরুল ওরফে হাসান ওরফে বাইক হাসান ওরফে পারভেজ। রাজশাহীর মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গতকাল বুধবার নগরের উপশহর এলাকায় ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে নিহত যুবকের এ পরিচয় প্রকাশ করেন।
পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, নিহত নজরুল ওরফে হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার আসামি।
উল্লেখ্য, রেজাউল করিম সিদ্দিকী হত্যার আসামি গ্রেপ্তার মাসকাওয়াত হাসান সাকিব ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই ঘটনায় নজরুল ওরফে হাসানের জড়িত থাকার কথা বলেছেন।
নিহত নজরুল ওরফে হাসান এবং শরীফুল নামের আরেক জঙ্গিকে ধরিয়ে দিতে গত ২৯ জুলাই দুটি পত্রিকায় ছবিসহ বিজ্ঞপ্তি দিয়ে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তি প্রকাশের চার দিনের মাথায় নজরুল ওরফে হাসান ‘বন্দুকযুদ্ধে’ নিহত হলেন।
পুলিশ সূত্র এর আগে বলেছিল, গত মাসের প্রথম দিকে টাঙ্গাইলের কালিহাতী থেকে আটক জেএমবির তিন নারী সদস্যের একজনের স্বামী নজরুল ওরফে হাসান।
গত ৪ জুলাই জেএমবির ওই তিন নারী সদস্য রোজিনা বেগম, সাজিদা আক্তার ও জান্নাতি বেগম ওরফে জেমিকে গ্রেপ্তার দেখায় পুলিশ। একাধিক পুলিশ সূত্র সে সময় প্রথম আলোকে জানায়, ওই তিন নারীর মধ্যে সাজিদা আক্তারের স্বামী নজরুল। তবে তিন নারীকে গ্রেপ্তারের কথা স্বীকার করলেও তাঁদের স্বামীদের গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেননি কোনো পুলিশ কর্মকর্তা। শুধু কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. আখেরুজ্জামান বলেন, গ্রেপ্তার তিন নারী ও তাঁদের স্বামীরা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গুপ্তহত্যায় জড়িত।
বন্দুকযুদ্ধে নিহত নজরুল পঞ্চগড়ের দেবীগঞ্জে গৌড়ীয় মঠের অধ্যক্ষ যোগেশ্বর রায় হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। গত ২১ ফেব্রুয়ারি যোগেশ্বর রায় নিহত হন। গত ২৮ জুন পুলিশ নজরুলসহ ১০ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র জমা দেয় আদালতে। রাজশাহীর পুলিশ জানায়, নজরুলের বাবার নাম আব্দুল্লাহ ওরফে মুন্সী। বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার সোনারহার গ্রামে।
পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গতকাল বলেন, নজরুল ওরফে হাসান রাজশাহী, রংপুর, পঞ্চগড়, কুষ্টিয়াসহ দেশের উত্তরাঞ্চলে মোট ১১টি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এর মধ্যে নয়টি হত্যাকাণ্ডে তিনি সরাসরি অংশ নিয়েছেন। এ ছাড়া টাঙ্গাইলে আরও দুটি হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করেন। তিনি দেড় বছরের বেশি সময় পলাতক ছিলেন। কমিশনার বলেন, বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পরে পুলিশের কাছে থাকা জঙ্গিদের ছবি মিলিয়ে দেখা হয়। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য স্বজনদের ডাকা হয়। তাঁরা এসে নজরুলের পরিচয় নিশ্চিত করেন।
গতকাল দুপুরের পর নজরুলের বাবা আব্দুল্লাহকে ছেলের লাশ হস্তান্তর করা হয়। তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর ছেলে দুই বছর মাদ্রাসায় পড়েছেন। বিয়ের পর থেকে পৃথক হয়ে দেবীগঞ্জ সদরে থাকতেন। শুধু ঈদের সময় বাড়ি আসতেন। গত রোজার আগে তাঁর খোঁজে বাড়িতে পুলিশ এসেছিল। এর বেশি ছেলে সম্পর্কে তাঁরা কিছুই জানেন না।
শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক প্রথম আলোকে বলেন, নজরুল ওরফে হাসানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি শিক্ষক রেজাউল করিমকে হত্যার সময় মোটরসাইকেল নিয়ে গলির মোড়ে অপেক্ষা করছিলেন। শরীফুল ইসলাম ওরফে খালিদ, মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ ও বাঁধন শিক্ষক রেজাউল করিমকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে মাসকাওয়াত চাপাতিটি নজরুলের হাতে দিয়ে ভেতরের রাস্তা দিয়ে পালিয়ে যান। ওসমান নামে একজন হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতির ব্যাগ গোবিন্দগঞ্জ থেকে এনেছিলেন। পরিদর্শক রেজাউস সাদিক বলেন, আটক মাসকাওয়াতের দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকেই এসব তথ্য জানা গেছে। তিনি বলেন, আসামি ওসমান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইতিমধ্যে নিহত হয়েছেন। আর বাঁধন নিহত হয়েছেন গুলশানের জঙ্গি হামলার ঘটনায়।
গত মঙ্গলবার মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানিয়েছিলেন, সোমবার দিবাগত রাত তিনটার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল নগরের আশরাফের মোড় এলাকায় অভিযান চালাতে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা ককটেল ছুড়ে মারে ও গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ জানায়, ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক যুবককে পাওয়া যায়। সেখান থেকে একটি পিস্তল ও বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়। আহত যুবককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গত ২৩ এপ্রিল নিজ বাসার কাছে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী। এ ঘটনায় ওই দিন তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ নগরের বোয়ালিয়া থানায় মামলা করেন। এ মামলায় এ নিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজন আটক অবস্থায় মারা গেছেন।