রাজশাহীর এক কেন্দ্রে দেড় ঘণ্টার মাথায় টিকা শেষ, ব্যাপক বিশৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড়। আজ শনিবার সকালে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে
ছবি: শহীদুল ইসলাম

টিকাদান শুরুর সময় নির্ধারিত ছিল সকাল ৯টা। তবে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে আজ শনিবার সকাল সাতটা থেকেই মানুষের উৎসবমুখর উপস্থিতি ছিল। সকাল ১০টা ৩৯ মিনিটে যখন ঘোষণা এল টিকা শেষ, সঙ্গে সঙ্গে উৎসব বিশৃঙ্খলায় পরিণত হলো। শুরু হলো হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি। থামাতে গিয়ে পুলিশ পর্যন্ত হিমশিম খেল।

বিশৃঙ্খলার কারণে স্বাস্থকর্মীরা বুথ ফেলে সরে যান। পড়ে থাকে টিকার সরঞ্জাম। শেষ পর্যন্ত বেশির ভাগ মানুষ টিকা না নিয়েই বাড়ি ফিরে যান। তাঁরা সবাই প্রথম ডোজের টিকা নিতে গিয়েছিলেন। দ্বিতীয় ডোজের টিকায় কোনো সমস্যা হয়নি। জেলার অন্য কোনো কেন্দ্রে এ ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

রাজশাহী সিটি করপোরেশন বলছে, ভুল বুঝে মানুষ টিচার্স ট্রেনিং কলেজে চলে গিয়েছেন। তাঁদের নিজ নিজ ওয়ার্ডে টিকা দেওয়ার কথা। এটা তাঁরা বুঝতে ভুল করেছেন।

শনিবার সকাল সাতটার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, মানুষ লাইনে দাঁড়িয়ে গেছেন। সকাল নয়টার দীর্ঘ লাইন কলেজ কেন্দ্রের বাইরে চলে এসেছে। রাস্তায় লাইন দাঁড়ানোর কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কেন্দ্রে টিকা নেওয়ার কাজে সহযোগিতা করছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স, রেড ক্রিসেন্ট সোসাইটি ও রোভার স্কাউটের স্বেচ্ছাসেবীরা।

সকাল ১০টা ৩৯ মিনিটে রেড ক্রিসেন্টের একজন কর্মী বাইরে এসে ঘোষণা দেন, টিকা শেষ হয়ে গেছে। এ ঘোষণার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাঁরা রেড ক্রিসেন্টের ওই কর্মীকে ধরার চেষ্টা করেন। এতে তিনি হেনস্তার শিকার হন। সেই সময় আরেকজন কর্মী এসে বলেন, ‘আপনাদের যা বলার সিটি করপোরেশনকে বলেন। আমাদের কিছু করার নেই।’

বিশৃঙ্খলারপর অসুস্থ একজন স্বাস্থ্যকর্মী টেবিলে মুখ গুঁজে রয়েছেন। আজ শনিবার সকালে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে
ছবি: প্রথম আলো

এরপর উপস্থিত কয়েক হাজার মানুষের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা দেখা যায়। ধাক্কাধাক্কি সামলাতে গিয়ে পুলিশের একজন সদস্য লাঞ্ছিত হন। ঘটনাস্থল থেকে পুলিশ এক যুবককে আটক করে নগরের রাজপাড়া থানায় ধরে নিয়ে যায়। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনার পর বুথগুলোতে ঢুকে দেখা যায়, টিকার সরঞ্জাম পড়ে রয়েছে। কোনো কোনো বুথে স্বাস্থ্যকর্মী আছে, কোনোটিতে নেই। ভেতরে ঢুকে মানুষ জানতে চাচ্ছেন তাঁরা কী করবেন, এর জবাব দেওয়ার কাউকে পাওয়া যাচ্ছেন না। এই ঝামেলায় পড়ে ৭ ও ৮ নম্বর বুথের একজন নারী স্বাস্থ্যকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তিনি টেবিলে মুখ গুঁজে রয়েছেন। কিছুতেই তিনি মুখ তুলছেন না। মানুষ তাঁর টেবিলের চারপাশে ঘিরে রয়েছে।

এই পরিস্থিতির মধ্যে টিকা নিতে গিয়ে বিপাকে পড়েন বৃদ্ধ ও নারীরা। ৮২ বছর বয়সী আবদুল আজিজকে নিয়ে তাঁর জামাই রাশেদ আলী ও মেয়ে জাকিয়া সুলতানা চরম বেকায়দায় পড়েছেন। তাঁরা ভিড়ের মধ্যে বাবাকে সামলাতে পারছিলেন না। রাশেদ আলী বলেন, তাঁদের এই কেন্দ্রে নিবন্ধন করা ছিল। সেই জন্য এসেছিলেন। এখন ওয়ার্ডে যেতে বলছেন। তাই চলে যাচ্ছেন। তাঁরা বৃদ্ধ বাবাকে কোনোমতে টেনে নিয়ে যাচ্ছিলেন।

কাজল কুমার নন্দী নামের একজন পুলিশ সদস্য হ্যান্ডমাইকে বলছিলেন, ১৬ থেকে ৩০ নম্বর ওয়ার্ডের যাঁরা আছেন, তাঁরা তাঁদের ওয়ার্ডের কেন্দ্রে চলে যান। সেখানে টিকা দেওয়ার সুব্যবস্থা করা আছে। আপনারা ভুল করে এসেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওয়ার্ড কেন্দ্রেগুলোতে সুশৃঙ্খলভাবে টিকা নেওয়া হচ্ছে। টিচার্স ট্রেনিং কলেজ থেকে ফিরে গিয়ে ২১ নম্বর ওয়ার্ডের তানজিলা বেগম ফোন করে প্রথম আলোকে জানান, তাঁরা অনায়াসে ওয়ার্ডে এসে টিকা দিতে পেরেছেন।

টিকা নিতে আসা মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় দায়িত্বরত পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবীদের
ছবি: প্রথম আলো

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা বেগম প্রথম আলোকে বলেন, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র (টিচার্স ট্রেনিং কলেজ), পুলিশ হাসপাতাল কেন্দ্র, আইডি হাসপাতাল কেন্দ্র, সিএমএইচ রাজশাহী কেন্দ্র থেকে। কিন্তু টিকা দেওয়া হবে প্রতিটি ওয়ার্ডে। কোনো ওয়ার্ডে দুটি, কোনো ওয়ার্ডে তিনটি পর্যন্ত কেন্দ্র করা হয়েছে। মানুষ না বুঝে নিবন্ধন করা কেন্দ্রে চলে গেছেন।

আঞ্জুমান আরা বেগম আরও বলেন, দুপুর ১২টার দিকে তিনি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে যে পরিমাণ মানুষ আছে, তাঁদের সবাইকে টিকা দেওয়া হবে। তিনি সেখানে অতিরিক্ত ১ হাজার ২০০ টিকা দিয়ে এসেছেন। প্রয়োজন হলে আরও পাঠাবেন।

রাজশাহী নগরের ৩০টি ওয়ার্ডে মোট ৮৪টি কেন্দ্রে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। কর্মসূচি চলবে ১২ আগস্ট পর্যন্ত। ৬ দিনের এই ক্যাম্পেইনে ১ লাখ ৫০ হাজার মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন ২৫ হাজার জনকে মডার্নার প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। তবে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছর বয়সীদের পরিবর্তে ২৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা প্রদান করা হবে।