রাজস্থলীতে আরাকান আর্মির সহযোগী সন্দেহে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে গতকাল শুক্রবার মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।
এদিকে গত বুধবার রাতে আটক অং ওং রাখাইনকে (২০) জেলহাজতে পাঠানো হয়েছে। রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের নয়াঝিরিপাড়ায় রেনেজু রাখাইন নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চ সুই অং মারমা (৪২) এবং মং চ ওয়াং মারমা (৩৯)। গতকাল বিকেলে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল্লাহ সরকার বলেন, গাইন্দ্যা ইউনিয়নের মব্বই পুনর্বাসনপাড়ার বাসিন্দা চ সুই অং মারমা এবং রেনেজু রাখাইনের দোতলা বাড়ির তত্ত্বাবধায়ক চাইন্দুপাড়ার মং চ ওয়াং উদ্ধার করা ঘোড়া দুটির দেখভাল করতেন। তিনি জানান, আরাকান আর্মির সহযোগী সন্দেহে ওই দুজনকে আটক করা হয়েছে।
সেনাবাহিনীর রাঙামাটি অঞ্চলের মেজর তসলিম মো. তারেক দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে গতকাল অং ওং রাখাইনকে রাঙামাটির মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি অহিদুল্লাহ সরকার জানান, গতকাল রাজস্থলী থানায় দুটি মামলা হয়েছে। মামলা দুটিতে রেনেজু রাখাইন এবং অং ওং রাখাইনকে আসামি করা হয়েছে। তিনি জানান, রেনেজু রাখাইনের বাড়ি সিলগালা করে দিয়েছে প্রশাসন।
গত বুধবার বান্দরবানের থানচির দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির সীমান্তচৌকি ও টহল দলের ওপর গুলি ছুড়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীরা।