রাজাপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকলচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার গাজীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মো. মোস্তফা (৪০)। তিনি পিরোজপুরের মঠবাড়ি কচুবাড়ি এলাকার হোসেনের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের যাত্রী শংকর মিস্ত্রি (৫৩) নামের ব্যক্তি আহত হয়েছেন। শংকর মিস্ত্রি মঠবাড়িয়ার চড়কগাছিয়া এলাকার মৃত রামকৃষ্ণ মিস্ত্রির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় গাজীবাড়ী এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের চালক ও যাত্রী দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন। আহত যাত্রী শংকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।