রাজাপুরে জঙ্গি সন্দেহে মাদ্রাসাছাত্র গ্রেপ্তার
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জঙ্গী সন্দেহে মো. রফিকুল ইসলাম ওরফে রাসেল (২০) নামের এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বেলা পৌনে দুইটার দিকে র্যাব–৮–এর সদস্যরা উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। আজ রোববার দুপুরে র্যাব বাদী হয়ে একটি মামলা দায়েরের পর রফিকুল ইসলামকে রাজাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
রফিকুল ইসলাম পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ইন্দুরকানি চণ্ডীপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি রাজাপুর দারুল উলুম কওমি মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র।
পুলিশ জানায়, রফিকুল রাজাপুর সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নুরুন নাহারের বাড়িতে গৃহশিক্ষক থেকে পশ্চিম ফুলহার মোল্লাবাড়ির মসজিদে ইমামতি করতেন।
মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকালে রফিকুলের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করে র্যাব। পরে তাঁকে বরিশাল র্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ রাজাপুর থানায় সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিষিদ্ধঘোষিত আনসার আল ইসলাম সংগঠনের দাওয়াতি শাখার সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তিনি ও তাঁর অপর সহযোগীরা তামিম আল আদনানি নামের আনসার আল ইসলামের এক সদস্যকে আমির হিসেবে মানেন। তামিমের নেতৃত্বে তাঁরা রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, আজ দুপুরে র্যাবের করা মামলায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।