রাজাপুরে হেফাজত নেতার বিরুদ্ধে জমি দখল করে বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলায়েত হোসেনের চাচাতো ভাই মাকসুদুর রহমান সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন
ছবি: প্রথম আলো

ঝালকাঠির রাজাপুরে হেফাজতে ইসলামের নেতা বেলায়েত হোসেনের বিরুদ্ধে জমি দখল করে বিক্রির অভিযোগে উঠেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের হলরুমে সংবাদ সম্মেলন করে বেলায়েত হোসেনের চাচাতো ভাই মো. মাকসুদুর রহমান এসব অভিযোগ করেছেন।

মাকসুদুর রহমান উপজেলা সদরের বাইপাস এলাকার মৃত এসাহাক তালুকদারের ছেলে। এ সময় সেখানে বেলায়েত হোসেনের ভাতিজা মো. ফয়জুল্লাহ, মুহিব্বুল্লাহ জারিফ, নাফিস মাহমুদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাকসুদুর রহমান অভিযোগ করে বলেন, ২০২০ সালের ৩০ জানুয়ারি হেফাজতে ইসলামের ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও রাজাপুর দারুল উলুম কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন তাঁদের পাঁচ শতাংশ জমি দখল করে নেন। এ নিয়ে বিরোধ শুরু হলে তিনি ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। এর মধ্য গত সপ্তাহে বেলায়েত হোসেন পাঁচ শতাংশ জমি বিক্রি করে দিয়েছেন।

মাকসুদুর রহমান বলেন, সাধারণ মানুষের ধর্মভীরুতা ও সরলতার সুযোগে অর্জিত দান-সদকার টাকা দিয়ে বেলায়েত হোসেন জমি দখল করে মামলা পরিচালনার কাজে ব্যয় করছেন। বেলায়েত হোসেনের চাপে তাঁর পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেলায়েত হোসেন বলেন, ‘এ রকম কোনো ঘটনাই ঘটেনি। আমি কোনো জমি দখল বা বিক্রি করিনি। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে আমাকে জড়িয়ে এটা করা হয়েছে।’