‘রাজাবাবু’ নিয়ে দুশ্চিন্তায় খামারি ফজলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর মৃধাডাঙ্গা গ্রামের খামারি ফজলু মণ্ডলের খামারে ‘রাজাবাবু’
ছবি: প্রথম আলো

‘অনেক কষ্টে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকার খাবার খাইয়ে বড় করে তুলেছি। এখন বড় কইরাও পড়েছি বিপদে। না পারছি ঢাকায় নিতে, না পারছি স্থানীয়ভাবে বিক্রি করতে। এত বড় গরু ভালো দামে বিক্রি করতে না পারলে মহাবিপদে পড়ব। বড় গরুর চাহিদার তেমন সারা না পাওয়ায় দুশ্চিন্তায় আছি।’

কথাগুলো বলছিলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর মৃধাডাঙ্গা গ্রামের খামারি ফজলু মণ্ডল।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হাটে ওঠা নানা আকৃতির বড় গরু ভিন্ন নামে নজর কাড়তে শুরু করেছে।

উপজেলার পশ্চিম উজানচর মৃধাডাঙ্গা গ্রামের ফজলু মণ্ডলের খামারে রয়েছে একটি বড় হলস্ট্যান ফিজিয়ান জাতের ষাঁড়। প্রাথমিকভাবে ষাঁড়টির ওজন ৩৫ মণ। জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজার থেকে দুই বছর আগে সাড়ে ৪ লক্ষাধিক টাকায় ষাঁড়টি কেনেন তিনি। তখনই তিনি শখ করে ষাঁড়টির নাম রাখেন ‘রাজাবাবু’।

ষাঁড়টি সাদা-কালো। সাড়ে ৫ ফুট উচ্চতার ষাঁড়টি লম্বায় প্রায় ১১ ফুট। রাজাবাবুকে ডাবরি, ভুসি, গমের ভুসি, পালিশ ভুসি, ছোলার ভুসি ভাতসহ প্রতিদিন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকার দানাদার খাবার দিতেন। তাঁর খামারে আরও ১৪টির মতো গরু রয়েছে। প্রাথমিকভাবে রাজাবাবুর দাম ১৫ লাখ হাঁকলেও বর্তমানে ১২ লাখ টাকা চাচ্ছেন। আগ্রহী ভালো ক্রেতা পেলে ১০ লাখেও বিক্রি করতে রাজি। কিন্তু বর্তমানে তিনি ক্রেতার সংকটে ভুগছেন। বড় গরুর ক্রেতা নেই বললেই চলে। এ জন্য তিনি অনেকটা হতাশা ও দুশ্চিন্তায় দিন পার করছেন।

আলাপকালে খামারি ফজলু বলেন, তাঁর দাদা আফাজ উদ্দিন মণ্ডল, বাবা আকবর মণ্ডল গ্রাম থেকে দুধেল গাভি, বকনা কিনতেন। বাড়ি এনে কিছুদিন লালন–পালনের পর বিক্রি করে দিতেন। বাপ-দাদার ব্যবসা ধরে রাখতে প্রায় ৩০ বছর তাঁরা ব্যবসা করছেন। বড় ভাই রঞ্জু মণ্ডলের সঙ্গে তিনিও কয়েক বছর ধরে ব্যবসা শুরু করেন। বাড়ির ওঠানে গড়ে তুলেছেন খামার। তাতে ২০টির মতো গরু রাখা যায়। কেনাবেচার মধ্যে থাকায় সব সময় ১০ থেকে ১২টি গরু থাকে। বিশেষ করে দুধেল গাভি খামারে বেশি থাকে। প্রতি মাসে ৩০-৪০টি দুধেল গাভি কেনাবেচা করেন। মাঝেমধ্যে শখ করে এক-দুটি ষাঁড় গরু পালেন। কোরবানির ঈদ সামনে রেখে সুন্দর জাতের ষাঁড় গরু পালেন।

এর আগে ২০২০ সালে বালিয়াকান্দির সোনাপুর থেকে ৪ লাখ ৬০ হাজার টাকায় একটি অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের ষাঁড় গরু কেনেন। কালো রঙের দেখতে সুন্দর হওয়ায় আদর করে নাম রেখেছিলেন ‘কালো মানিক’। প্রতিদিন ন্যূনতম ১ হাজার টাকার দানাদার খাবার দিতেন। প্রায় ১১ ফুট লম্বা এবং ১০ ফুট বেড়ের ষাঁড়টির ওজন দিয়ে দেখেন ৩০ মণের বেশি। কালো মানিককে দেখতে প্রতিদিন লোকজন ভিড় করতেন। গরুটি প্রায় ১০ লাখ টাকায় বিক্রি করেন।

আকর্ষণীয় নাম, আকারে বড় হওয়ায় প্রতিদিন বিভিন্ন স্থান থেকে ষাঁড়টিকে দেখতে আসছেন উৎসুক অনেকে। গোয়ালন্দ পৌরসভার কাইমদ্দিন প্রামাণিক পড়ার আলামিন ইসলাম বলেন, ‘আমি এত বড় গরু আগে দেখেনি। আমার ধারণা, এই গরু অর্থাৎ রাজাবাবু শুধু গোয়ালন্দে নয়, রাজবাড়ী জেলার সবচেয়ে বড় গরু হবে।’

ফজলু মণ্ডল বলেন, ‘লাভ-লোকসান মিলে ব্যবসা। গত দুই বছরে প্রায় ৫০ লাখ টাকার মতো লোকসান হয়েছে। সরকারি কোনো ধরনের সাহায্য–সহযোগিতা আমরা পাইনি। কোনো গরুর চিকিৎসার প্রয়োজনে প্রাণিসম্পদ কার্যালয় থেকে কাউকে আনলে দুই থেকে তিন হাজার টাকা দিতে হয়। স্থানীয় কোনো পশুচিকিৎসক আনলে সামান্য টাকায় চিকিৎসা দেওয়া যায়।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পাল বলেন, ‘ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোয়ালন্দে প্রায় ৩ হাজার ৪৪১টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। আমার জানা মতে গোয়ালন্দ উপজেলায় সবচেয়ে বড় গরু “রাজাবাবু”। খামারি ফজলু শুরু থেকে প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতা পাচ্ছেন। বিজ্ঞানসম্মতভাবে খাবার দিয়ে রাজাবাবুকে বড় করে তুলেছেন। আশা করি তিনি গরুটিকে বিক্রি করে ভালোই লাভবান হবেন।’

তিনি বলেন, ‘যদি ক্রেতার সংকটে পড়েন, তাহলে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনলাইনে পশু বেচাকেনার ব্যবস্থা আছে। আমরা সেখানে তাঁর গরুটিকে দিয়ে বিক্রির ব্যবস্থা করে দেব।’ সরকারি কোনো চিকিৎসক চিকিৎসা দিতে গিয়ে বাড়তি টাকাপয়সা নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।