‘রাজাবাবু রাস্তায় চললে মানুষ হা করে তাকিয়ে থাকে’
‘এনামুলের রাজাবাবু কিনতে অনেকে খোঁজ নিচ্ছেন। কিন্তু দামে–দরে ঠিক না হওয়ায় এখনো বিক্রি হয়নি। রাজাবাবু রাস্তায় চললে মানুষ হা করে তাকিয়ে থাকে। তাঁর চলনবলন একেবারে রাজার মতো।’
এই পর্যবেক্ষণ মেহেরপুরের গাংনী উপজেলার মালশাদহ গ্রামের চা–দোকানি আবু বক্করের। তাঁর দোকানের সামনে গ্রামের বাসিন্দা এনামুল হক তাঁর দুই বিঘা আয়তনের পুকুরের পাশে গড়ে তুলেছেন গরুর খামার। সেই খামারে এখন ২৪টি ফিজিয়ান জাতের গরু রয়েছে। কোনোটির ওজনই ২৫ মণের নিচে নয়। সবচেয়ে বড় যে গরু, তার নাম রাখা হয়েছে ‘রাজাবাবু’।
কালো ও সাদা রঙের সুঠাম স্বাস্থ্যের ষাঁড়টির ওজন ৩৫ মণ। দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট, উচ্চতা ৫ ফুট। আসন্ন ঈদুল আজহায় বিক্রির জন্য গরুটির দাম চাওয়া হচ্ছে ১২ লাখ টাকা।
খামারটির দেখাশোনার দায়িত্বে আছেন পাবনা জেলার বাসিন্দা লিয়াকত হোসেন। তিনি বলেন, ফিজিয়ান জাতের গরুটি দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে। খামারে মশার উৎপাত ঠেকাতে মশারি দিয়ে আচ্ছাদিত করা হয়েছে। বিচুলি ও ঘাসের পাশাপাশি আখের গুড়ের শরবত, ওরস্যালাইন ও ভুসি খাওয়ানো হয়। দুই বেলা গোসল করানো, সময়মতো খাবার দেওয়া, গরমের সময় শরীর শীতল রাখতে বাতাসের ব্যবস্থা করা হয়। তিনি ছাড়া আরও একজন পরিষ্কার–পরিছন্নতার কাজ করেন।
খামারের মালিক এনামুল হক বলেন, ২০১০ সালে পুকুরের কিছু অংশ ভরাট করে গরুর খামার তৈরি করা হয়। ওই সময় মাত্র ছয়টি গরু দুই লাখ থেকে চার লাখ টাকার মধ্যে কেনা হয়। পরে সেগুলো মোটাতাজা করে কোরবানির ঈদে ভালো দামে বিক্রি হয়। পরবর্তী সময়ে লাভের অংশ যোগ করে আরও চারটি গরুর সংখ্যা বাড়ানো হয়। এখন ২৪টি গরু রয়েছে। খামার রক্ষণাবেক্ষণের জন্য ২ জন ২৪ ঘণ্টা কাজ করেন। অনেকে খামারে এসেই গরু কিনে নিয়ে যান। করোনা সংক্রমণের কারণে এখনো তেমন একটা গরু বিক্রি হয়নি।
খামারের পাশেই বাড়ি মিলিয়ার খাতুনের। তিনি বলেন, এনামুলের খামারে গরু খুব আদর–যত্নে বড় হয়। খামারটি সব সময় পরিষ্কার–পরিছন্ন রাখা হয়। ঈদের সময় বড়লোকেরা গাড়িতে করে ফার্মে গরু কিনতে আসেন। সাদা–কালো রঙের একটি বড় গরু রয়েছে, অনেকে রাজাবাবু নামে ডাকে। গরুটি খুব শান্ত স্বভাবের। গায়ে হাত দিলেও চুপ করে থাকে।