রাজৈর উপজেলা পরিষদের উপনির্বাচনে আ.লীগ প্রার্থীর জয়
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী ৩২ হাজার ৭৬৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬০ হাজার ৫৭৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৮১৫ ভোট।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় রাজৈর উপজেলা পরিষদ কমপ্লেক্সে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজৈর উপজেলার ৬৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম হলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশনের সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ জুলাই রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব মিয়ার মৃত্যুতে পদটি শূন্য হয়েছিল। উপনির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ২১০।
রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, উপনির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ৮৮ হাজার ৩৯৪। বাতিল হওয়া ভোটের সংখ্যা ৮১৬। নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি। দু-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে।