রাজৈরে উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম, জাল ভোটের ছড়াছড়ি
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক অনেক কম দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে বহিরাগত ও অপ্রাপ্তবয়স্কদের মাধ্যমে জাল ভোট দেওয়া এবং স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ আছে।
এদিকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার ১ নম্বর ভোটকেন্দ্র ও আমগ্রাম এলাকায় দুটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্র দখলে নিতে গেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। দুই পক্ষের মুখোমুখি অবস্থান থাকায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ভোট গ্রহণ।
সরেজমিনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ১০টি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, বেশির ভাগ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। দুই-একজন এসে ভোট দিয়ে চলে যান। বেলা ১১টার দিকে ইশিবপুর ইউনিয়নের ২৫ নম্বর লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুলিশের কোনো উপস্থিতি নেই। এই সুযোগে কেন্দ্রের ভেতরে ভোট দিচ্ছে অপ্রাপ্তবয়স্ক কিছু কিশোর। প্রিসাইডিং কর্মকর্তা বা দায়িত্বশীল কোনো ব্যক্তির নজর নেই বুথে।
দুপুর ১২টার দিকে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের বাটিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও একই অবস্থা দেখা যায়। ভোটার নেই, বুথঘরের সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন বহিরাগত ভুয়া ভোটার। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে তাঁরা মুহূর্তেই সরে পড়েন। দুপুর ১২টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১৫ শতাংশ। জাল ভোট দেওয়ার একই চিত্র দেখা গেল হোসেনপুর ইউনিয়নের পূর্ব নাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় সব কটি ভোটকেন্দ্রে।
জাল ভোটারদের সম্পর্কে জানতে চাইলে লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শ্যামল বিশ্বাস বলেন, জাল ভোট দিতে এলেও তাদের চেহারায় মিল না থাকায় তাঁরা কেউ ভোট দিতে পারেননি। তা ছাড়া দুই প্রার্থীর এজেন্ট তো আছেনই। তাঁরা অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাটিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোবিন্দলাল বৈদ্য প্রথম আলোকে বলেন, ‘আমাদের ২ হাজার ৬১ জন ভোটার। সকালে ভোটারের চাপ ছিল। ১০টার পরে চাপ নেই। ভোটার আসেন না। কেন্দ্র তাই খালি। তবে জাল ভোট দিতে যারা আসছে, তারা বেশির ভাগই ধরা পড়ছে।’
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। নির্বাচনী এলাকায় তিন প্লাটুন বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও র্যাবের টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন।
জানতে চাইলে মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। তাঁরা অভিযোগ পাওয়ামাত্র কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। জাল ভোট বন্ধে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে ভোটার উপস্থিতি কম, এটি আমাদের চোখেও পড়েছে।’
ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয় নিয়ে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। এরপরেও ৪০ শতাংশ ভোট কাস্ট হবে। আসলে এটি উপনির্বাচন, প্রার্থী মাত্র দুজন। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল প্রার্থীও দেয়নি। তাই ভোটারদের মধ্যে ভোট দিতে আসার আগ্রহ কিছু কম। তবে জাল ভোট দেওয়ার বিষয়ে অভিযোগ আমরা পেয়েছি। এগুলো নিয়ন্ত্রণের জন্য ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা কাজ করেছে।’
এদিকে বেলা ১২টার দিকে পৌর এলাকার নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিমের সমর্থকেরা দখলে নিতে গেলে স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়ার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রের সামনে চেয়ার–টেবিল ভাঙচুর করা হয়। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। এ সময় অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উভয় পক্ষের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল ভোট গ্রহণ। অন্যদিকে সাড়ে ১২টার দিকে আমগ্রাম পূর্বপাড়া একটি ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়াও হরিদাসদী-মহেন্দ্রদী ও বাজিতপুর ইউনিয়নে তিনটি ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়।
জানতে চাইলে রাজৈর থানার ওসি শেখ সাদিক বলেন, দুই কেন্দ্রে কিছুটা অপ্রীতিকর পরিস্থিতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২০২১ সালের ১৩ জুলাই মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব মিয়ার মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও গত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী হাজী মহসীন মিয়া। রাজৈর উপজেলা পরিষদ উপনির্বাচনে মোট ভোটার ১ লাখ ৮৪ হাজার ২১০ জন। মোট কেন্দ্র ৬৪টি।