রাজৈরে করোনায় প্রথম মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

মাদারীপুরের রাজৈর উপজেলায় করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইলিয়াস শেখ (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার লতিফ শেখের ছেলে এবং টেকেরহাট বন্দরে থান কাপড়ের ব্যবসা করতেন।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (১৩ জুন) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ব্যবসায়ী ইলিয়াস শেখ। করোনার উপসর্গ থাকায় ওই ব্যবসায়ীর নমুনা সংগ্রহ করা হয়। পরে ওই মেডিকেল কলেজের করোনা রোগীদের জন্য নির্ধারিত স্থানে তাঁকে ভর্তি রাখা হয়। গতকাল সোমবার (১৫ জুন) তাঁর করোনা শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ী মারা যান।

ইলিয়াস শেখের ভায়রা শাখাওয়াত মোস্তফা বিকেলে প্রথম আলোকে বলেন, ‘ভর্তির দিন থেকে ইলিয়াসের জ্বর ও শ্বাসকষ্ট ছিল। করোনা পজিটিভ হওয়ার পরে তাঁর অবস্থা খারাপ হতে থাকে। পরে তাঁকে রাখা হয় আইসিইউতে। এরপর তিনি মারা গেলে তাঁর লাশ দেশের বাড়িতে আনা হয় এবং দুপুরে স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন করা হয়।’

রাজৈর উপজেলায় করোনায় সংক্রমিত হয়ে এটাই প্রথম মৃত্যু। এ সম্পর্কে রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘তাঁর (ইলিয়াস শেখ) মৃত্যুর খবরটা আমরা শুনেছি। তবে তাঁর কোনো তথ্য আমাদের কাছে নেই। কারণ, তিনি অসুস্থ হওয়ার পরে আমাদের কাছে আসেননি। তিনি ফরিদপুরে ভর্তি হন, ফরিদপুরে নমুনা দেন এবং ফরিদপুরেই মারা যান।’

ইলিয়াস শেখের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে কি না, সেই বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমরা খোঁজখবর নেব। যদিও ফরিদপুর থেকেই লাশ দাফনের বিষয়ে নির্দেশনা দিয়ে দেওয়ার কথা।’

এই ব্যবসায়ীকে নিয়ে মাদারীপুরে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন আটজন। এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হিসেবে জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩৭৬ জন।