রাজৈরে খালে ভাসছিল অজ্ঞাত যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের রাজৈরে খাল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়
ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বাজার রোড এলাকার একটি পরিত্যক্ত খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, লাশ উদ্ধার হওয়া ওই যুবক মানসিক ভারসাম্যহীন হতে পারেন। বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

রাজৈর থানার পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশটি চার থেকে পাঁচ দিন আগে থেকেই খালে ভাসছিল। লাশে পচন ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক একজন মানসিক ভারসাম্যহীন। তাঁর পকেটে কিছু পেঁয়াজ আর টাকা পাওয়া গেছে। তাঁর নাম–পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে রাজৈর উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি পরিত্যক্ত খালে লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।