রাজৈরে ময়লার স্তূপে মিলল নবজাতকের লাশ
মাদারীপুরের রাজৈর উপজেলার ময়লার স্তূপ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার টেকেরহাট দক্ষিণপাড় এলাকার পেট্রলপাম্পের সামনে ময়লার ভাগাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, উদ্ধার হওয়া মৃত নবজাতকটি সদ্য ভূমিষ্ঠ হওয়া। নবজাতকটি মৃত অবস্থায় কেউ হয়তো ফেলে রেখে গেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজৈর পৌরসভার টেকেরহাট ময়লার ভাগাড়ের পাশেই ঢাকা-বরিশাল মহাসড়ক। মহাসড়কের পাশ দিয়ে চলাচলকারী পথচারীরা ময়লার ভাগাড়ে একটি নবজাতক দেখতে পেয়ে রাজৈর থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে ময়লার ভাগাড়ে নবজাতকের লাশ উদ্ধারের খবরে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। এ সময় মহাসড়কে যানজট তৈরি হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া মৃত নবজাতকটি ছেলেসন্তান। নবজাতকটি সদ্য ভূমিষ্ঠ। এক দিন বয়স হবে। তাঁদের ধারণা, নবজাতকটি মৃত ভূমিষ্ঠ হয়। এ কারণে রাতের আঁধারে কেউ হয়তো ভাগাড়ে ফেলে গেছেন। এরপরও নবজাতকটির ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।