রাজৈরে সয়াবিন তেলের দাম বেশি রাখায় ৬ দোকানিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ৬ দোকানিকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে রাজৈর বাজারে
ছবি: প্রথম আলো

মাদারীপুরের রাজৈরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে ৬ দোকানিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে রাজৈর বাজারে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রাজৈর বাজারের দোকানিরা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল ভোক্তাদের কাছে বিক্রি করছেন, এমন অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস রাজৈর বাজারে অভিযান চালান। এ সময় সয়াবিন তেলের দাম বেশি রাখার অপরাধে স্থানীয় দোকানদার স্বপন সাহাকে ৪০ হাজার টাকা, সামির ভ্যারাইটিজ স্টোরের সাদ্দাম হোসেনকে ১০ হাজার টাকা ও আবুল খায়ের কাজীর মুদিদোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরও তিনটি দোকানে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রাজৈর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নুরুজ্জামান মোল্ল্যা বলেন, ‘সয়াবিন তেলসহ নিত্যপণ্য বেশি দামে বিক্রির অভিযোগে ৬ দোকানিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে অন্য মুদিদোকানিরা দোকান বন্ধ করে পালিয়ে যান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। নির্ধারিত দামের চেয়ে কোনো দোকানি বেশি দাম নিলেই তাঁকে শাস্তির আওতায় আনা হবে।’