রাত পোহালে ভোট, নেত্রকোনায় মোটরসাইকেলের জন্য স্টিকার পাননি সাংবাদিকেরা
নেত্রকোনা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমোদন দেয়নি নির্বাচন কমিশন। অনুমোদনের স্টিকার না দেওয়া জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা বিপাকে পড়েছেন।
বেশ কয়েকজন সাংবাদিক বলেন, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে মাঠপর্যায়ের সাংবাদিকেরা মোটরসাইকেলে করে এখানে–সেখানে যান। কিন্তু আজ রোববার রাত সাড়ে সাতটা পর্যন্ত অনুমোদনের স্টিকার না পাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ বলেন, এবারের পৌর নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেলে চলাচলের সুযোগ নেই। তাই স্টিকার দেওয়া হচ্ছে না। তবে সাংবাদিকেরা ইচ্ছা করলে গাড়ি (মাইক্রোবাস ও প্রাইভেট কার) ব্যবহারের জন্য স্টিকার নিয়ে তা ব্যবহার করতে পারবেন।
জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও সমকালের প্রতিনিধি খলিলুর রহমান শেখ ইকবাল বলেন, আগামীকাল সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হবে।
রাত পোহালেই জেলায় কর্মরত সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য মদন উপজেলায় যেতে হবে। সেখানে অনেক স্থানে দ্রুত যেতে হয় এবং ঘটনার সঙ্গে সঙ্গে ছবি তুলতে হয়। মোটরসাইকেল ব্যবহার করতে না পারলে সাংবাদিকদের দায়িত্ব পালনে সমস্যা হবে। কর্তৃপক্ষের উচিত বিষয়টি ভেবে দেখা।
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি শ্যামলেন্দু পাল বলেন, জেলা শহর থেকে মদনের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। নির্বাচন কমিশন মাইক্রোবাস ও প্রাইভেট কার ব্যবহারের অনুমতি দিলেও অনেক সাংবাদিকের পক্ষে এগুলোর খরচ বহন করা সম্ভব না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।
এ ব্যাপারে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। সমাধানের পথ খুঁজে বের করা হবে।