রাত হলেই মা মা বলে কেঁদে ওঠে ছোট্ট তাছমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাকে হারিয়ে চুপ হয়ে গেছে তাছমি ফেরদৌস
ছবি: প্রথম আলো

ছয় বছরের শিশু তাছমি ফেরদৌস। রাত হলেই মা মা বলে কেঁদে ওঠে সম্প্রতি খুনিদের হাতে মাতৃহারা হওয়া ছোট্ট এই শিশু। তখন অনেক বুঝিয়েও তাকে শান্ত করা যায় না।

শনিবার বিকেলে তাছমির বড় বোন জান্নাতুল ফেরদৌস প্রথম আলোর কাছে এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিল। গত বৃহস্পতিবার জগন্নাথপুর বাজারের একটি ওষুধের দোকান থেকে তাদের মা শাহানাজ পারভীনের ছয় টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।

তাছমি জগন্নাথপুর নার্সারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। আর জান্নাতুল ফেরদৌস স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। তাদের ভাই উদয় মোহাম্মদ অষ্টম শ্রেণির ছাত্র। তাদের বাবা সৌদিপ্রবাসী ছুরুক মিয়া। স্বামী বিদেশে থাকায় সন্তানদের নিয়ে পৌরসভার পেছনের আবাসিক এলাকায় বসবাস করতেন শাহনাজ পারভীন।

জান্নাতুল ফেরদৌস বলে, আগে দুরন্ত স্বভাবের ছিল তাছমি। ঘটনার পর থেকে মাকে না পেয়ে ও চুপ হয়ে গেছে। এ সময় মায়ের হত্যাকারীদের বিচারের দাবি জানায় সে।

আরও পড়ুন

এদিকে শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকায় সংবাদ সম্মেলন করে শাহানাজ পারভীনের খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানায়। গ্রেপ্তার তিনজন হলেন জগন্নাথপুরের অভি মেডিকেল হলের মালিক যাদব চন্দ্র গোপের ছেলে জিতেশ চন্দ্র গোপ (৩০), কিশোরগঞ্জের ইটনার মৃত রসময় চন্দ্র গোপের ছেলে অনজিৎ চন্দ্র গোপ (৩৮) ও নেত্রকোনার মোহনগঞ্জের পতিত পাবন গোপের ছেলে অসীত গোপ (৩৬)।

সিআইডির তথ্য অনুযায়ী, তিন বন্ধু মিলে ধর্ষণ করার পর ঘটনা জানাজানি হওয়ার ভয়ে শাহানাজ পারভীনকে হত্যা করেন তাঁরা। নিহত নারীর পরিবারের লোকজন জানিয়েছেন, বুধবার বিকেলে ওষুধ কেনার কথা বলে ঘর থেকে বের হন শাহানাজ পারভীন। পরদিন বৃহস্পতিবার জগন্নাথপুর বাজারের অভি ফার্মেসি থেকে তাঁর ছয় টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। শাহানাজ পারভীন ওই ফার্মেসি থেকে নিয়মিত ওষুধ কিনতেন।

আরও পড়ুন

বৃহস্পতিবার রাতেই জগন্নাথপুর থানায় জিতেশ গোপকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের ভাই হেলাল মিয়া। এরপর গতকাল শুক্রবার ভোরে সিআইডি ঢাকা থেকে জিতেশ গোপকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনায় জড়িত অভি ফার্মেসির পাশের মুদিদোকানি অনজিৎ গোপ ও পাশের অরূপ ফার্মেসির মালিক অসীত গোপকে গ্রেপ্তার করে।

এদিকে ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও তিন আসামি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করে হেলাল মিয়া প্রথম আলোকে বলেন, ‘বোনের তিনটি অবুঝ সন্তান নিয়ে আমরা পড়েছি বিপাকে। ছোট মেয়ে তাছমি কী ঘটেছে, এখনো বুঝে উঠতে পারেনি। রাত হলেই ও “আমার আম্মুকে এনে দাও, আম্মুকে এনে দাও” বলতে থাকে।’

জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, ‘বাজারের ব্যবসায়ীরা এমন নির্মম ঘটনা মেনে নিতে পারছেন না। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় আমরা যৌথভাবে কাজ করছি। মামলাটি সিআইডিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’