রাতভর গ্রামবাসীর নজরদারি, বিকেলে ধরা পড়ল ডাকাত সরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ ধর্মদা এলাকা থেকে গ্রেপ্তার ২১ ডাকা‌তি ও অস্ত্র মামলার আসা‌মি শিপন মিয়া
প্রথম আলো

ডাকাত হানা দেওয়ার খবরে ১৪-১৫ জনের একটি দলকে ধাওয়া দেন এলাকাবাসী। দলটি আশ্রয় নেয় গভীর জঙ্গলে। এরপর মাইকিং করে রাতভর চলে পুলিশ ও স্থানীয় লোকজনের পাহারা। রাত পেরিয়ে সকাল হলেও আর কাউকে পাওয়া যায়নি। তবে বিকেলে সেই জঙ্গল থেকে বের হতে গিয়ে স্থানীয় রিকশাচালকের জেরার মুখে পড়েন এক ব্যক্তি।

পালানোর চেষ্টা করতেই তাৎক্ষণিক তাঁকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন এলাকাবাসী। আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করার পর জানা গেল, তাঁর নাম শিপন মিয়া ওরফে হাজারী শিপন (৩১)। তাঁর নামে বিভিন্ন থানায় ২১টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার ধর্মদা এলাকায় এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারের পর শিপনের দেওয়া তথ্য অনুযায়ী দুটি দেশীয় পাইপগান, নয় রাউন্ড গুলি, একটি গ্রিল কাটার, দুটি টর্চলাইট উদ্ধার করা হয়। শিপনের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার সাদিকপুরে।

ব্রিফিংয়ে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গ্রেপ্তার শিপন মিয়ার পেশাই ডাকাতি। প্রায় ১০ বছর ধরে ডাকাতির সঙ্গে জড়িত। শিপন আন্তবিভাগীয় ডাকাত দলের সরদার। তাঁর দলের সদস্যদের গ্রেপ্তার করতে তৎপরতা চালানো হচ্ছে। শিপনের নামে বিশ্বনাথ থানায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাঁকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। পুলিশ সুপার জানান, ডাকাত সরদারকে গ্রেপ্তার করতে সহযোগিতা করা রিকশাচালককে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

সিলেট বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলায় তাঁর আলাদা দল রয়েছে। পৃথক এলাকায় আলাদা দলের সদস্যদের সঙ্গে শিপন ডাকাতিতে অংশ নিত। তাঁর নিয়ন্ত্রণে সিলেট বিভাগে প্রায় অর্ধশত ডাকাতদল সক্রিয় রয়েছে।

ঘটনার বিস্তারিত তুলে ধরে ব্রিফিংয়ে জানানো হয়, বিশ্বনাথের ধর্মদা এলাকায় সোমবার রাতে ডাকাত দল হানা দেওয়ার খবর পান স্থানীয়রা। এরপর এলাকার বাসিন্দারা ১৪-১৫ জন সদস্যের ডাকত দলকে ধাওয়া করেন। গ্রামবাসীর ধাওয়ায় ডাকাত দলের সদস্যরা ধর্মদা এলাকার কবরস্থানসংলগ্ন একটি গভীর জঙ্গলে আশ্রয় নেন। এই খবর এলাকার মসজিদে মাইকিং করা হয়। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ প্রশাসনের লোকজন রাতভর ওই এলাকায় পাহারা দেন। তবে রাত পেরিয়ে সকাল হওয়ার পরও ডাকাত দলের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

শীত মৌসুমে সিলেটে ডাকাতি বৃদ্ধি পায়। ডাকাত দলের সদস্যরা বিভিন্ন এলাকায় রেকি করে পরিকল্পনা করেন। সম্প্রতি শীত মৌসুমে ডাকাত দলের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

এরপরও ওই এলাকায় স্থানীয় লোকজন তৎপরতা চালাচ্ছিলেন। মঙ্গলবার বিকেল চারটার দিকে ওই জঙ্গল থেকে একজন অপরিচিত ব্যক্তিকে বের হতে দেখে ওই এলাকার এক রিকশাচালকের সন্দেহ হয়। এ সময় রিকশাচালক ওই ব্যক্তির নাম–ঠিকানা জানতে চান। এতে ওই ব্যক্তি ভয়ে দৌড়ে ফের জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাঁকে আটক করেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, শীত মৌসুমে সিলেটে ডাকাতি বৃদ্ধি পায়। ডাকাত দলের সদস্যরা বিভিন্ন এলাকায় রেকি করে পরিকল্পনা করেন। সম্প্রতি শীত মৌসুমে ডাকাত দলের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ডাকাতির ঘটনা ঘটলে গৃহস্থরা কোনো মামলা করেন না। এতে ডাকাত সদস্যরা পার পেয়ে যান। এদিকে ডাকাতি ঠেকাতে জেলার বিভিন্ন থানা এলাকায় টহল দল বৃদ্ধি, তল্লাশচৌকি বসানোসহ নানা তৎপরতা নিয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গ্রেপ্তার শিপন সর্বশেষ ২০১৫ সালে জামিনে বের হয়। এরপর আরও বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে সিলেট জেলা পুলিশ তৎপরতা চালাচ্ছিল। সিলেট বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলায় তাঁর আলাদা দল রয়েছে। পৃথক এলাকায় আলাদা দলের সদস্যদের সঙ্গে শিপন ডাকাতিতে অংশ নিত। তাঁর নিয়ন্ত্রণে সিলেট বিভাগে প্রায় অর্ধশত ডাকাতদল সক্রিয় রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, আমিনুল ইসলাম, মো. লুৎফর রহমান, পরিদর্শক সাইফুল ইসলাম প্রমুখ।