রাতে ট্রেন-ট্রাক সংঘর্ষ, সকালে মিলল গেটকিপারের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গতকাল সোমবার রাতে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কর্তব্যরত গেটকিপার সুশান্ত কুমার দাস (৩২) নিহত হয়েছেন।

গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে ফুলবাড়ী পৌর শহরের ফুলবাড়ী-পার্বতীপুর সড়কের রেলঘুণ্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার সকাল সাতটায় ট্রাক সরিয়ে নেওয়ার সময় দুর্ঘটনাকবলিত ট্রাকের নিচ থেকে গেটকিপারের লাশ উদ্ধার করা হয়েছে। পার্বতীপুর জিআরপি থানা-পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত গেটকিপার সুশান্ত ঈশ্বরদী জেলার বাসিন্দা। এই ঘটনায় ট্রাকচালক সাইদুল ইসলামকে (৩৪) আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি নওগাঁর মহাদেব উপজেলায়।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনমাস্টার ইসরাফিল সরকার বলেন, গতকাল রাত ১টা ৪ মিনিটে বিরামপুর থেকে ২৩ আপ নম্বরের মালবাহী ট্রেন ফুলবাড়ী স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। কিন্তু এর ১ মিনিট পরেই পার্বতীপুর থেকে ছেড়ে আসা এমজিবিসি মালবাহী ট্রেনটি স্টেশনের অনুমতি না নিয়েই ১ নম্বর লাইনে প্রবেশের চেষ্টা করে। এ সময় স্টেশন থেকে ৫০০ গজ উত্তরে বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাক ফুলবাড়ী শহরের রেলঘুণ্টি এলাকায় ট্রেনটির সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় গেটের কাছে থাকা গেটকিপার ট্রাকের নিচে চাপা পড়েন।

স্টেশন মাস্টার বলেন, দুর্ঘটনা ঘটলেও ওই সময় ওই লাইনে অন্য কোনো ট্রেন চলাচলের নির্ধারিত সময় ছিল না। সকাল ৬টায় মালবাহী ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাই সকাল থেকে যথাসময়েই ট্রেন চলাচল করেছে। দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।