রাতে নিখোঁজ, সকালে মিলল লাশ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় আজ রোববার গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গতকাল শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হাবিবুল বাশার প্রধান (২৮)। তিনি ওই গ্রামের খাইরুল প্রধানের ছেলে। হাবিবুল বাশার কাওরাইদ বাজারে ব্যবসা করতেন।
থানা-পুলিশ নিহত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে জানায়, ছয় মাস ধরে হাবিবুলের স্ত্রী দুই সন্তানসহ বাবার বাড়িতে আছেন। স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা মনোমালিন্য চলছিল। গতকাল সকালে হাবিবুল তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে যান কিন্তু দুপুরে খাওয়ার জন্য বাড়িতে ফেরেননি।
পুলিশ আরও বলেন, রাত ১১টা বাজলেও ছেলে বাড়ি না ফেরায় তাঁর বাবা দোকানে খোঁজ করতে যান। গিয়ে দেখতে পান হাবিবুল দোকানে নেই, দোকানের শাটার খোলা। এরপর তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি। আজ রোববার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে কাওরাইদ রেলস্টেশনের পূর্বদিকে এক বাগানের গাছে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। ঘটনাটি পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।