রাতে পালিয়ে থেকেও মাদকাসক্ত ছেলের হাত থেকে রক্ষা পেলেন না বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হৃদয় মিয়া
প্রথম আলো

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাবাকে খুনের অভিযোগ পাওয়া গেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম নিদন মিয়া (৫৩)। তিনি কটিয়াদী পৌর শহরের দড়িচরিয়াকোনা এলাকার বাসিন্দা। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘুমাতে যাওয়ার সময় ছেলে হৃদয় মিয়া (২৫) তাঁকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। চিকিৎসাধীন অবস্থায় নিদন মিয়া আজ শনিবার ভোরে মারা যান।

ঘটনার পর স্থানীয় লোকজন হৃদয়কে বাড়ির কাছের একটি ইটভাটা থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। চাহিদামতো টাকা না দেওয়ায় হৃদয় তাঁর বাবাকে খুন করেন বলে পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে। এ ঘটনায় আজ দুপুরে নিদন মিয়ার ছোট ভাই রতন মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় একমাত্র অভিযুক্ত করা হয়েছে হৃদয়কে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নিদন পেশায় কৃষক ছিলেন। বিভিন্ন সময় টমটম গাড়ি চালাতেন। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁর সংসার ছিল। হৃদয় ছেলেমেয়ের মধ্যে সবার বড়, বিয়ে করেননি। বেকার জীবন যাপন করেন। এক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। কয়েক মাস আগে থেকে পরিবারের সঙ্গে হৃদয়ের দূরত্ব বাড়ে। সম্প্রতি বাবার কাছে ঘন ঘন টাকাপয়সা চাইতেন। টাকা দিতে ব্যর্থ হলেই বাবার প্রতি চড়াও হতেন, ভাঙচুর করতেন। এসব কারণে হৃদয়কে বাড়ি আসতে না করে দেন নিদন। হৃদয়ের খাওয়াও বন্ধ করে দেন তিনি।

পুলিশ হেফাজতে হৃদয় সাংবাদিকদের বলেন, ‘আমার টাকার প্রয়োজন ছিল, কিন্তু আব্বা দিচ্ছিলেন না। আবার বাড়ি থেকে চলে যেতে বলেছেন। এ কারণেই রাগ হয়, রাগ থেকেই আব্বাকে কুপিয়েছি।’

গত মঙ্গলবার বাবা–ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন নিদনের স্ত্রী ছেলের পক্ষ নেন। কেন ছেলেকে প্রশ্রয় দেন, এ ক্ষোভে স্ত্রীকে মারধর করে নিদন। ছেলেকেও ঘর থেকে বের হয়ে যেতে বলেন তিনি। এ ঘটনায় হৃদয় ক্ষুব্ধ হন এবং নিদনকে হত্যা করবেন বলে হুমকি দিয়ে যান। ছেলের কাছ থেকে হুমকি পাওয়ার পর নিদন গোপনে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রাত্রি যাপন করে আসছিলেন। গতকাল রাত সাড়ে ১২টার দিকে ঘুমাতে যাওয়ার সময় স্কুলের কাছের সড়কে নিদনের পথ আগলে দাঁড়ান হৃদয়। এরপর দা দিয়ে কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই নিদনকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। ভোরে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথেই নিদনের মৃত্যু হয়।

জনতার হাতে আটকের পর হত্যার কথা স্বীকার করেন হৃদয়। পুলিশ হেফাজতে হৃদয় সাংবাদিকদের বলেন, ‘আমার টাকার প্রয়োজন ছিল, কিন্তু আব্বা দিচ্ছিলেন না। আবার বাড়ি থেকে চলে যেতে বলেছেন। এ কারণেই রাগ হয়, রাগ থেকেই আব্বাকে কুপিয়েছি। অনুশোচনা হচ্ছে কি না, এ প্রশ্নে হৃদয় নীরব ছিলেন।’

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদত হোসেন বলেন, ‘নিদনকে দা দিয়ে কুপিয়েছেন তাঁর ছেলে হৃদয়। শুনেছি হৃদয় মাদকাসক্ত ছিলেন। টাকাপয়সা নিয়ে সমস্যাটা বড় হয়। সেই কারণেই বাবার ওপর চড়াও হন হৃদয়। পুলিশের কাছে বাবাকে হত্যার কথা স্বীকার করেছেন হৃদয়।’