রাতে পড়তে পারছে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চর এলাকায় চোর-ডাকাত, সাপের ভয়। রাইতে অসুস্থ মানুষ এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারে না। সোয়া দুই বছর আগে বাড়িতে সোলার বিদ্যুৎ নেওয়ার পর থেকে চোর-ডাকাত, সাপের ভয় নেই। ছেলেমেয়েরা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতে পারছে।’ এ বক্তব্য ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইমারত মাতুব্বরের ডাঙ্গি গ্রামের বিলকিস বেগমের। ইউনিয়নটি ফরিদপুরের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন।
চরের মধ্যে তিনটি একচালা টিনের ঘরে শেফালী বেগমের সংসার। এর মধ্যে দুটি থাকার ও একটি রান্নাঘর। তাঁর স্বামী নিজাম শেখ দিনমজুর। তাঁদের মেয়ে শারমিন সপ্তম শ্রেণিতে পড়ে।
শারমিন বলে, ‘আগে একটু রাত হলেই পড়াশোনা বন্ধ করে দিতে হতো। এখন সোলার বিদ্যুৎ নেওয়ার পর অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতে পারছি।’
একই গ্রামের নাসরিন বেগম (২৫) জানান, আগে কেরোসিন তেল কিনতে না পারলে সন্ধ্যার আগে খাওয়াদাওয়া শেষ করে সারা রাত অন্ধকারে শুয়ে থাকতে হতো। এখন তেল কিনতে হয় না। রাতে বাচ্চারা পড়াশোনা করতে পারছে, কাঁথা সেলাইসহ নানা ধরনের কাজও করা যাচ্ছে।
গ্রামের মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম বলেন, আগে মাইকে আজান দিতে পারতাম না। এ বিদ্যুৎ নেওয়ার পর সে সমস্যার সমাধান হয়েছে। শিশুরা রাতে মাদ্রাসায় পড়াশোনা করতে পারছে।
মুদির দোকানদার শেখ বাদশা বলেন, সোলার বিদ্যুৎ নেওয়ার পর এখন রাত ১১-১২টা পর্যন্ত দোকান করতে পারছি। আয়রোজগার আগের থেকে অনেক বেশি হয়।
ফরিদপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা কাজ করি (একেকে) ২০০৭ সালে এ চরে সোলার প্যানেল বসানোর ব্যবস্থা করে। এ পর্যন্ত ২৬৫টি পরিবারকে সৌরবিদ্যুতের সংযোগ দিয়েছে সংস্থাটি।
একেকের নির্বাহী পরিচালক আবদুল জলিল জানান, একটি সোলার সিস্টেমের পেছনে খরচ হয় ২৫ হাজার ৫০০ টাকা। জার্মান দাতা সংস্থা আন্দ্রেরী হিলপির সহযোগিতায় মাত্র তিন হাজার ৫০০ টাকার বিনিময়ে গ্রামের মানুষকে তাঁরা এই প্যানেল দিচ্ছেন। সংযোগ দেওয়ার আগে ব্যবহারকারীদের তিন দিনের প্রশিক্ষণও দেওয়া হয়।
ওই ইউনিয়নের নারী সদস্য মরিয়ম বিবি বলেন, আগে এলাকার মানুষ বিকেলে রান্না করত এবং সন্ধ্যার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়ত। সৌরবিদ্যুৎব্যবস্থা চালু হওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে। এ ছাড়া টেলিভিশন দেখার সুযোগ পাচ্ছে।