রাতে ফোনে কল পেয়ে গেল বাড়ির বাইরে, সকালে মিলল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সনাতন বর্মণ (১৪) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের একটি বাঁশঝাড়ে তার লাশ পাওয়া যায়। সে উপজেলার আংড়া গ্রামের নবদ্বীপ বর্মণের ছেলে। সে তার নানার বাড়ি উপজেলার খোর্দ্দা গ্রামে থাকত।

সনাতন বর্মণকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। হত্যার কারণ জানতে পারেনি পুলিশ।

থানা–পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সনাতন বর্মণ শনিবার বিকেলে বাগজানা উচ্চবিদ্যালয় মাঠে খেলাধুলা শেষে নানার বাড়িতে ফিরে আসে। ওই দিন রাত আটটার দিকে একটি মুঠোফোনের কল পেয়ে বাড়ির বাইরে যায় সে। সে রাতে আর নানার বাড়িতে ফেরেনি। আজ সকালে পাশের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের বাঁশঝাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয় ব্যক্তিরা। দুপুর ১২টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

বাগজানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হক প্রথম আলোকে বলেন, সনাতন বর্মণের নানি আমাকে জানিয়েছেন, শনিবার রাত আটটার দিকে একটি মুঠোফোনের কল পেয়ে সনাতন বাড়ির বাইরে যায়। আজ সকালে উত্তর রামচন্দ্রপুর গ্রামের বাঁশঝাড়ে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। সনাতন বর্মণ ২০১৯ সালে পঞ্চম শ্রেণি পাস করেছে। সে এখন আর পড়াশোনা করে না।

পাঁচবিবির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, সানাতন বর্মণকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।