প্রবল বৃষ্টিতে ঘরে পানি ঢুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল বুধবার সকালে চট্টগ্রামের ইপিজেড এলাকায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার রাত থেকে ভারী বর্ষণে নগরের নিচু এলাকায় পানি জমে যায়। নগরের অনেক এলাকার সড়কে পানি জমে থাকায় সকালে কাজে বের হওয়া মানুষ দুর্ভোগে পড়েন।
তবে সকালের পর থেকে বৃষ্টির তীব্রতা কমে আসে। যে কারণে কোথাও কোথাও সড়কে পানি জমলেও জলাবদ্ধতা হয়নি। রোজার সকালে বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহন চলেছে। স্কুল ও অফিসগামী অনেককে হেঁটে কাকভেজা হয়ে গন্তব্যে যেতে দেখা যায়।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুলাল হোসেন (২৫) ইপিজেড এলাকার আকমল আলী রোডের বাসিন্দা। ওই সড়কের নাসির কলোনির বিভিন্ন বাসায় বৃষ্টির পানি ঢোকে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, বৃষ্টির পানিতে ঘরে বিদ্যুতায়িত হয়ে দুলাল গুরুতর আহত হন। গতকাল সকাল ১০টার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গত মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া মাঝারি ও ভারী বর্ষণ থেমে থেমে গতকাল রাত আটটা পর্যন্ত ছিল। পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, গত মঙ্গলবার রাত নয়টা থেকে গতকাল রাত নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে ১৫৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানান সহকারী আবহাওয়াবিদ মো. শাহীনূল ইসলাম। তিনি জানান, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে এই বৃষ্টি হচ্ছে।
গত মঙ্গলবার সারা দিন টিপটিপ বৃষ্টি হলেও রাত একটার পর মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। বাকলিয়া, চকবাজার, কাপাসগোলা, মুন্সিপুকুর পাড়, বাদুরতলা, খাজা রোড, হালিশহর, আগ্রাবাদের বেপারিপাড়া, ছোটপুলসহ বেশ কিছু এলাকার সড়ক গতকাল সকালে পানিতে তলিয়ে যায়। বাসাবাড়িতেও পানি ওঠে।
কাপাসগোলা এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, টানা বৃষ্টিতে এলাকার মকবুল সওদাগর লেন, টুপিওয়ালা পাড়া, মুন্সিপুকুর পাড়, উর্দু গলিতে পানি ওঠে। ভোররাতে সেহ্রি খাওয়ার সময় দেখা যায় পানি থই থই করছে গলিতে। গলির কিছু দোকানেও পানি ঢোকে।
রাতে চকবাজার এলাকার চক ভিউ মার্কেট এলাকার আশপাশের কয়েকটি দোকানে পানি ঢোকে। গতকাল বেলা একটার দিকে আলম নামের এক দোকানি বলেন, ‘রাতেই পানি ঢুকেছে। এখন বৃষ্টি কমার পর পানি পরিষ্কার করছি। বৃষ্টি বাড়লে আবার পানি ঢুকতে পারে।’
আগ্রাবাদের বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, ‘রাতেই আমাদের এখানে পানি উঠেছে। দিনে অবশ্য তেমন পানি ছিল না।’ আরিফ নামে এক তরুণ জানান, আগ্রাবাদ থেকে জিইসি মোড় যেতে অটোরিকশায় তাঁর কাছ থেকে ভাড়া নিয়েছে ১০০ টাকা। স্বাভাবিক সময়ে এই ভাড়া ৬০ টাকা।
ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরাতে মাইকিং: পাহাড়ের ঢালে ও পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতিতে থাকা লোকজনকে সরে যেতে গতকাল সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। বাটালি পাহাড়, টাংকির পাহাড় ও আকবর শাহ এলাকার রেলওয়ে পাহাড়ে গড়ে ওঠা অবৈধ ঝুঁকিপূর্ণ বসতি থেকে বাসিন্দাদের সন্ধ্যার মধ্যে সরিয়ে নেওয়া হয়।
জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘আমরা মঙ্গলবার থেকে মাইকিং করেছি। এ ছাড়া আমাদের তালিকায় যারা ঝুঁকিপূর্ণ ছিল, তাদের উদ্ধারকাজ চলছে।’